অভিজ্ঞ সেবিকার অভাব
সিলেট নগরের অধিকাংশ বেসরকারি হাসপাতালে দক্ষ ও অভিজ্ঞ সেবিকার অভাবে প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। তাই প্রচুর টাকা খরচ করেও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না।রোগীদের অভিযোগ, অদক্ষতার কারণে অনেক সেবিকা হাতে স্যালাইন দেওয়ার সময় সুইচ ভেঙে ফেলেন কিংবা হাতের রগে জোরে সুইচ ঢোকাতে গিয়ে রক্ত এনে ফেলেন। এ ছাড়া একই কাজের জন্য কোনো সেবিকাকে একাধিকবার জিজ্ঞাসা করলে খারাপ আচরণের শিকার হতে হয় বলে রোগীরা জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত একাধিক চিকিৎসক জানিয়েছেন, অধিকাংশ সেবিকা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পাস। শুধু একটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে এঁরা সেবিকা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষও বেশি বেতন দিয়ে ডিপ্লোমা নার্স রাখার চেয়ে অপেক্ষাকৃত কম বেতন দিয়ে নামেমাত্র সার্টিফিকেটধারী এসব নার্সর রাখছে।সিলেট শহরের জামতলা এলাকার বাসিন্দা শাহানা আক্তার। তিনি ১ এপ্রিল অসুস্থ হয়ে নগরের জিন্দাবাজার এলাকার একটি উন্নতমানের ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। তিনি বলেন, ‘এত টাকা দিয়ে একটি উন্নতমানের ক্লিনিকে ভর্তি হয়েছিলাম, কিন্তু নার্সদের মুখের যে ভাষা ও ব্যবহার, তা দেখে তো তাজ্জব হয়ে গিয়েছিলাম। যেন সরকারি আর বেসরকারি হাসপাতালের নার্সদের মধ্যে কোনো তফাতই নেই।’