অভিজ্ঞতা প্রতিবন্ধী বিষয়ে, করবে জলবায়ু প্রকল্পের কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ছেলে বাহাউদ্দিন বিশ্বাস বাদলের পেশা কম্পিউটার মেরামত। নিজের নামে ‘বাদল হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি’ সংস্থাটি গড়ে তুলেছেন। শুধু একজন হিসাবরক্ষক, একজন অফিস সহকারী নিয়ে পরিচালিত সংস্থাটি মূলত দর্জিদের প্রশিক্ষণ ও কম্পিউটার মেরামতের কাজ করে। সরকারি অর্থায়নে গঠন করা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এই সংস্থাকে ২৫ লাখ টাকার প্রকল্প নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পুনর্বনায়ন ও বনায়নের জন্য বরাদ্দ পাওয়া বাদল হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ২০০৬ সালে খুলনা থেকে জয়েন স্টক কোম্পানি হিসেবে নিবন্ধিত। বাদল থাকেন রাজধানীর শ্যামলীতে। প্রতিষ্ঠা হওয়ার পর সংস্থাটি বছরে দুই লাখ থেকে তিন লাখ টাকার বেশি খরচ করেনি।যোগাযোগ করা হলে বাদল প্রথম আলোকে বলেন, ‘আমি কাজ করে খাই। যেভাবে কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করছি, একইভাবে জলবায়ু প্রকল্প নিয়ে কাজ করব।’ ঢাকায় থেকে কম্পিউটার সার্ভিসিং ও প্রশিক্ষণ দিলেও সরকারি প্রকল্প পেলে এলাকায় গিয়ে ৭৫ হাজার গাছ লাগাবেন বলে জানান তিনি। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে যে ৫৩টি বেসরকারি সংস্থাকে নীতিগতভাবে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, তাদের বেশির ভাগই প্রতিবন্ধী, স্বাস্থ্য (এইচআইভি), ক্ষুদ্রঋণ ও গাছ লাগানোর অভিজ্ঞতাসম্পন্ন।কল্যাণ পার্টির মৃধা: গ্রিন বাংলা ফাউন্ডেশন বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনে ৪০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক কামরুজ্জামান মৃধা গত জাতীয় নির্বাচনে ফরিদপুর-১ থেকে কল্যাণ পার্টির প্রার্থী ছিলেন। ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে মৃধা বলেন, আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নেবেন। সে লক্ষ্যে গ্রিন বাংলা ফাউন্ডেশনসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।‘আওয়ামী লীগের ছয়জন বড় নেতা মিসডকল দিলে ফোন ব্যাক করেন’—এই মন্তব্য করে কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি দুই দলের সঙ্গেই খাতির রাখি। আমার সংস্থায় ১৫ জন পিএইচডি ডিগ্রিধারী থাকায় এই প্রকল্প অনুমোদন পেয়েছে।’ফেনীর দাগনভূঞা উপজেলার মৌচাক এডুকেশন অ্যান্ড হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। সংস্থাটির চেয়ারম্যান নোয়াখালীর সেনবাগের আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আতাউর রহমান পাটোয়ারী। সংস্থাটি মূলত স্থানীয় শিক্ষার্থীদের পড়ানো ও বৃত্তি দেওয়ার কাজ করে থাকে। আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এলাকার উন্নয়নে কিছু কাজ করতে সরকারি তহবিল থেকে গাছ লাগানোর জন্য টাকা চেয়েছি।’ টাকা পেলেই কাজ শুরু করবেন তিনি।জন উন্নয়ন কর্মসূচিকে (জউক) নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটি মূলত সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে।জউকের নির্বাহী পরিচালক শহীদুজ্জামান জানান, প্রকল্পের মাধ্যমে নিজের জেলা নড়াইলে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে কাজ করবেন। প্রতিবন্ধী ও স্বাস্থ্য: সাতক্ষীরার শ্যামনগরের ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল হ্যান্ডিক্যাম অ্যান্ড রিহ্যাভিলাইটেশন অর্গানাইজেশন (ড্যাফরো) পুনর্বনায়ন ও বনায়নের জন্য ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধীবিষয়ক সংস্থা হিসেবে নিবন্ধিত এটি। জলবায়ু নিয়ে কোনো কাজের অভিজ্ঞতা নেই। ড্যাফরোর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বছরে তাঁরা ছয় লাখ থেকে সাত লাখ টাকার বেশি অর্থ খরচ করেন না। নিরীক্ষক দিয়ে বার্ষিক হিসাব করা হয় না উল্লেখ করে মনিরুজ্জামান বলেন, ‘এটা আমরা নিজেরাই করে থাকি।’অ্যাসোসিয়েশন অব প্রোগ্রেসিং আওয়ার নেশন (আপন) নামের একটি এনজিওকে গাছ লাগানোর জন্য ৩৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ক্ষুদ্রঋণনির্ভর এই সংস্থার খুলনার খালিশপুরের সাউথ সেন্ট্রাল রোডের ঠিকানায় প্রধান কার্যালয়।সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেওয়া এই সংস্থা এর আগে এইচআইভি ও প্রতিবন্ধীদের ওপর কয়েকটি তহবিল পেয়ে কাজ করেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে কোনো কাজের অভিজ্ঞতা নেই এই সংস্থার।আপনের নির্বাহী পরিচালক নুরুল আলম জানান, এখন তাঁরা মূলত ক্ষুদ্রঋণ ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রকল্প পেতে একজন সাংসদকে দিয়ে মৌখিকভাবে সুপারিশ করাতে হয়েছিল বলে জানান তিনি। ঝিনাইদহভিত্তিক প্রতিবন্ধীবিষয়ক এনজিও ডিজেবলড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক শ্যামল কুমার সাহা প্রথম আলোকে জানিয়েছেন, বড় সংস্থাগুলোর সহযোগী হিসেবে তাঁরা মূলত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন। স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ সংস্থা ‘ঘরনী’ ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক রওশন আরা রেখা প্রথম আলোকে জানান, তাঁরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও আনোয়ারা, চন্দনাইশ, কুতুবদিয়া ও মহেশখালীতে কাজ করতে চেয়েছে।খুলনাভিত্তিক সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট ফর পুওর (সিডোপ) ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। ২০০৮ সালে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত সিডোপের নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, ভালো কাজ করায় সরকার তাঁদের এই প্রকল্প দিয়েছে।ভোলার লালমোহন উপজেলার প্রতিবন্ধীবিষয়ক সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) ভোলা সড়কের দুই পাশে গাছ লাগানো প্রকল্পে ১০ লাখ টাকা অনুমোদন পেয়েছে। ডাসের নির্বাহী পরিচালক মুহাম্মদ ইউনুস প্রথম আলোকে জানান, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বড় জলবায়ু পরিবর্তন নিয়ে আগে অভিজ্ঞতা নেই। মাদক ও শিক্ষা বিষয়ে অভিজ্ঞ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনাইগাড়ী এলাকার পল্লি অগ্রগতি সংস্থাকে (পাস) জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজন প্রকল্পের জন্য ২৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বন্ধন সমাজকল্যাণ সংস্থাকে দক্ষিণাঞ্চলে স্যানিটেশন সুবিধা দেওয়ার জন্য ৪০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। পানি-স্যানিটেশন বিষয়ে চট্টগ্রামের এনজিও প্রোগ্রাম ফর রিসার্চ অ্যান্ড এলিমেনেশন অব পোভার্টি (প্রিপ) ১৫ লাখ টাকা অনুমোদন পেয়েছে। ক্ষুদ্রঋণ পরিচালনাকারী টাঙ্গাইলের যুগলবন্দী সমাজকল্যাণ সংস্থাকে পানি ও স্যানিটেশন প্রকল্পে ১৫ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়সহিষ্ণু ঘর নির্মাণের জন্য ‘বাস্তব’ এক কোটি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে।যশোরের প্রতিবন্ধী, শিশু ও নারীবিষয়ক প্রকল্পে অভিজ্ঞ সুসমাজ ফাউন্ডেশন ৫০ লাখ টাকা, অভিযোজন ক্ষমতা অর্জনের জন্য পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (পিআরডিআই) ৫০ লাখ টাকা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (বাসা) চট্টগ্রাম জেলায় উপকূলীয় জনগণের সক্ষমতা অর্জনের জন্য ৮০ লাখ টাকার প্রকল্পে অনুমোদন পেয়েছে। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজকে (বিসিএএস) সুন্দরবনের ওপর সমীক্ষা করতে ৫০ লাখ টাকার প্রকল্প দেওয়া হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞ আতিক রহমান এই সংস্থার নির্বাহী পরিচালক। রাজধানীতে অফিস, গ্রামে প্রকল্প: বান্দরবানের গাছ লাগানো প্রকল্পে ফিউচার কেয়ার ১৫ লাখ টাকা অনুমোদন পেয়েছে। সংস্থাটি মূলত বিজ্ঞাপন ব্যবসার সঙ্গে যুক্ত। সংস্থাটির কার্যালয় রাজধানীর রামপুরার বনশ্রীতে। বনায়নের জন্য ৩০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে শিক্ষা, মৎস্য ও পোলট্রি বিষয়ক প্রকল্পে অভিজ্ঞ ‘সূর্যশিখা’। এডাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ এর নির্বাহী পরিচালক। দিনাজপুরে প্রধান কার্যালয় হলেও শাহজাহান সিরাজ থাকেন রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে। মহিলাবিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত সংস্থা সমাহার রাস্তায় গাছ লাগানোর জন্য ৩০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। হস্তশিল্প, মানবাধিকার ও স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ এই সংস্থার বার্ষিক বাজেট ১২ থেকে ১৫ লাখ টাকা। শিক্ষা ও কৃষি খাতে সোলার এনার্জি প্রকল্পের জন্য রিনিএবেল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন প্রকল্প ৭০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। খুলনার খান এ সবুর এলাকার এই সংস্থা ২০০৯ সালে জয়েন স্টক কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন নিয়েছে। সংস্থাটির সূত্রে জানা গেছে, তারা দাতা বা সরকারি কোনো অর্থায়নে প্রকল্পের কাজ করেনি। সুহূদকে বনায়নের জন্য ১৫ লাখ টাকা, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টকে (ন্যাকম) জীববৈচিত্র্য বিষয়ে ৩৫ লাখ টাকা, বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটিকে এক কোটি টাকা, কিশোরগঞ্জের এনজিও চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থাকে ৩০ লাখ টাকা, সবুজ শক্তি সংরক্ষণে পাথফাইন্ডার, এনার্জি সেভিং ১০ লাখ টাকা, ভোলার মাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (মাউফ) ৩০ লাখ টাকা, ডেভেলপমেন্ট ফর সোসাইটি ৪০ লাখ টাকা, খুলনার এনজিও রুরাল আনফরচুনেটস সেফটি টালিসমান কটেজ (রাস্টিক) ২৫ লাখ টাকা, বরিশালভিত্তিক এনজিও সামাজিক উন্নয়ন ৫০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে।