অভিনন্দন
আমাদের দেশের মেয়েরা বিশ্ব ক্রিকেটে ওয়ানডে মর্যাদা পেয়েছে। এই মর্যাদা পুরো দেশকে গৌরবান্বিত করেছে। তাদের বাঁধভাঙা উল্লাসে দেশের মানুষ আনন্দিত। যে দেশে শিক্ষাজীবনের পর অনেক মেয়ে কর্মজীবনেই প্রবেশ করতে পারে না, খেলাধুলায় নেই মেয়েদের অংশগ্রহণের তেমন সুযোগ। এমন সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীরা ক্রিকেটের মতো খেলায় সাফল্য পেয়েছে। তাদের এই সফলতার জন্য অভিনন্দন। এগিয়ে যাক এই ক্রিকেটাররা।অধিনায়ক সালমা খাতুন‘মেয়েকে কখনোই ব্যাট-বল কিনে দিইনি। কাগজ মুড়িয়ে, শুকনো নারকেল দিয়ে বল বানাত। কাঠকে ব্যাট বানিয়ে খেলত। ক্রিকেট খেলার জন্য অনেক রাগ হয়েছি মেয়ের সঙ্গে। পড়াশোনায় একদম মনোযোগ ছিল না। দিন-রাত খেলত। স্কুল থেকে অভিযোগ আসত। আর চারপাশ থেকে নানা মন্তব্য শুনতে হতো—এমন মেয়ের বিয়ে হবে না। ছেলেদের মতো। বাউণ্ডুলে। আরও কত কী! খুব দুশ্চিন্তা হতো। কিন্তু মেয়েটা থেমে থাকেনি। নিয়মিত অনুশীলন করত। আজ এ পর্যায়ে আমার মেয়েটা আসতে পেরেছে শুধু ওর নিজের চেষ্টায়। ওর সাফল্য আমাকে গর্বিত মা করেছে।’ বলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনের মা ফরিদা বেগম। খুলনার মেয়ে সালমা। চার ভাইবোনের মধ্যে সবার ছোট। খেলার জন্য মাঝপথে ছেড়ে দিয়েছিলেন লেখাপড়া। তবে সালমা আবার নতুন করে লেখাপড়া শিখবেন। ‘যেকোনো ভালো কিছু করতে হলে লেখাপড়া জানতে হয়। আমি আবার তা শুরু করব। গত কয়েক দিন স্বপ্নের মতো কেটেছে। প্রথম অধিনায়কত্ব উপভোগ করেছি। বাড়তি চাপ মনে হয়নি। দলের প্রতিটি সদস্য সাহায্য-সহযোগিতা করেছেন। এবারের সাফল্যে আমরা খুশি। বিশ্বকাপে খেলতে পারলে আনন্দ পূর্ণতা পেত। সামনে একটাই লক্ষ্য—বিশ্বকাপে খেলতে হবে। বিজয়ী হয়ে ফিরতে হবে। রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারার খেলা ভালো লাগে। ক্রিকেট খেলার বাইরে ব্যাডমিন্টন খেলি। খেলাকে মনে-প্রাণে ভালোবাসতে পারলে সফলতা আসবে। পারিবারিকভাবে তাঁদের সহযোগিতা করতে হবে। বকাঝকা করলেও যেকোনো পরিস্থিতিতে মা পাশে থাকেন। প্রতিটি খেলার আগে সাহস দেন, অনুপ্রেরণা জোগান। এখন অনেক দায়িত্ব। সেসব ঠিকমতো পালন করতে চাই।’খাদিজাতুল কুবরাস্বপ্ন তাঁর মুত্তিয়া মুরালিধরনের মতো স্পিনার হওয়া। ছোটবেলা থেকেই চাচা-ভাইদের সঙ্গে খেলতে খেলতে ক্রিকেটের সঙ্গে সখ্য। প্রিয় খেলোয়াড়ের মতো খাদিজাতুল কুবরাও বেছে নিলেন স্পিনকে। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের দুই ম্যাচসেরা এই স্পিনার খাদিজাতুল কুবরার পেশা হিসেবে খেলাকে বেছে নিতে সাহায্য করেন তাঁর দাদা। তিনি পরিবারের অন্য সদস্যদের বুঝিয়েছেন। বিশেষ করে, কুবরার বাবাকে। ‘দাদা সব সময় বলতেন, ছেলেরা পারলে মেয়েরাও পারবে। অসম্ভব কিছু তো নয়। আশপাশের মানুষজন নানা ধরনের মন্তব্য করত। বলত, মেয়ে হয়ে ছেলেদের মতো খেলার দরকার কী। মেয়ে বাইরে বাইরে খেলে। তখন দাদা সেসব কথার প্রতিবাদ করতেন। তাঁর জন্য খেলাকে পেশা হিসেবে নিতে পেরেছি। দাদা বেঁচে নেই। কিন্তু আজকের বিজয় হয়তো তিনি আমার চারপাশ থেকেই দেখছেন।’ খাদিজাতুল কুবরা ১৫ বছর বয়সে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। চার ভাইবোনের মধ্যে মেজো কুবরা বগুড়া মহিলা কলেজে মানবিক বিভাগে উচ্চমাধ্যমিকে পড়ছেন। ‘পরিবারের অনুপ্রেরণা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব হতো না। বড় বোনের সঙ্গে সব কথা, দুঃখ-কষ্ট ভাগ করে নিই। একটু অবসর পেলে রবীন্দ্রনাথের যেকোনো বই পড়তে ভালো লাগে। আরেকটি শখ আছে আমার—বাগান করা।’ কুবরার বাবা জামিল আকতার সরকারি চাকুরে। তিনি বলেন, ‘আমার ছোট্ট মেয়েটা এত ভালো করবে, বুঝতে পারিনি। তবে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি অন্য রকম ভালোবাসা। সামনের দিনগুলোতে যেন আরও ভালো করে, সেই প্রার্থনা করি। আমাদের দিক থেকে যতটুকু সমর্থন-সহযোগিতা দেওয়া প্রয়োজন, আমরা তা দেব। এই আনন্দ আসলে বোঝানো যাবে না।’ খাদিজাতুল কুবরারও ইচ্ছা দেশের জন্য আরও ভালো খেলার। নিজের দক্ষতাকে আরও জোরদার করার। এ সফলতা তাঁকে আরও পরিশ্রমী হওয়ার অনুপ্রেরণা দিয়েছে।শুকতারা রহমানবাবা-মা, ভাইবোন সবাই তাঁর অপেক্ষায়। কখন বাসায় গিয়ে পৌঁছাবেন ঘরের মেয়েটি। ‘পরিবারের আনন্দ দেখার অনুভূতি কেমন জানি না। আমিও অধীর অপেক্ষায় আছি।’ শুকতারা রহমান বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান। এবারের টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৬ সাল থেকে তাঁর ক্রিকেট খেলা শুরু। ‘স্কুল থেকেই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। সেখান থেকে প্রথম ক্রিকেট খেলা শুরু করি। আব্বু-আম্মু খুব সমর্থন দিয়েছিলেন। আমি নিজের স্টাইলে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অবশ্য রিকি পন্টিংয়ের খেলা খুব ভালো লাগে।’ দশম শ্রেণীর ছাত্রী শুকতারা খুলনার মেয়ে। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়। শুকতারার বাবা প্যাথলজি টেকনিশিয়ান। মা গৃহিণী। ‘আমাদের দেশের মেয়েদের খেলাধুলায় আরও এগিয়ে আসতে হবে। যতটুকু সুযোগ আছে, সেটিকে ব্যবহার করলে নিজেদের প্রতিভা বিকাশ করা সম্ভব। আমি চাই খেলার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরতে। সবার চেষ্টায় আমরা অবশ্যই একদিন ক্রিকেটের বিশ্বকাপ নিজেদের দেশে আনতে পারব।’ শারমিন আকতার ‘ছোটবেলা থেকেই খেলার প্রতি নেশা ছিল। স্কুলে সব ধরনের খেলা খেলতাম। একবার গাইবান্ধার স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে দেখলাম, পাশে কয়েকজন মেয়ে ক্রিকেট অনুশীলন করছে। এরপর প্রতিদিন দেখতে যেতাম। পরে তাদের কোচ বাবলু আমাকে ডাকলেন। বললেন, “তুমি তো প্রতিদিন খেলা দেখতে আসো। ক্রিকেট খেলবে?” আমি রাজি হয়ে গেলাম। স্কুল শেষে মাঠে চলে যেতাম।’ বলেছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান শারমিন আকতার। এবারে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনিও করেছেন হাফ সেঞ্চুরি। ‘আমার কোচ একদিন জানালেন, বিকেএসপিতে নতুন নারী ক্রিকেটার নেবে। এখন তো বাসায় বলতে হবে। শুরুতে বাবা-মা কেউ-ই রাজি হননি। অনেক বুঝিয়ে বাবাকে রাজি করিয়েছি। শুধু চিকি ৎসক, প্রকৌশলী হতে হবে—এমন তো নয়। আমি যদি ভালো ক্রিকেটার হতে পারি, পৃথিবীজুড়ে আমার নাম ছড়িয়ে পড়বে। বাবা বুঝলেন। বিকেএসপিতে পরীক্ষা দিতে গেলাম বাবার সঙ্গে। নির্বাচিত হলাম। অষ্টম শ্রেণীতে পড়ি তখন। ২০০৯ সালে প্রথম জাতীয় ক্যাম্পে যোগ দিই। এরপর শুধু এগিয়ে যাওয়া। পরিশ্রম করছি সবাই। তাই এত দূর আসতে পেরেছি। একতাবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। অবসরে ব্যাডমিন্টন খেলি। আর টেনিস খেলতে ভালো লাগে। আমরা যদি ভালো করি, তাহলে আরও অনেক মেয়ে ক্রিকেটার হতে চাইবে। যাদের মনে সুপ্ত ইচ্ছা আছে, তারা তা বিকাশের সুযোগ পাবে।’