অভিনব উদ্যোগ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা সত্ত্বেও রাজনৈতিক ভিন্নতার কারণে বিচ্ছিন্ন হয়ে আছেন কোরিয়ানরা। দুই দেশের সরকারের মধ্যে রেষারেষি ও প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকলেও দুই কোরিয়ার সাধারণ জনগণ যে এখনো একে অপরকে পাশে পেতে চান, সেটাই এক অভিনব উদ্যোগের মাধ্যমে নতুন করে মনে করিয়ে দিল দক্ষিণ কোরিয়া। অপেক্ষাকৃত দরিদ্র উত্তর কোরিয়ার মানুষের উদ্দেশে বেলুনে করে এক হাজার জোড়া মোজা পাঠিয়েছেন দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মীরা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁরা আশা করছেন এগুলো পেয়ে হয়তো উত্তর কোরিয়ার মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে সমানসংখ্যক প্রচারপত্রের মাধ্যমে উত্তর কোরিয়ার কর্তৃত্বপরায়ণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বানও জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এই মানবাধিকার কর্মীরা।এই অভিনব কর্মসূচির সঙ্গে জড়িত আছেন যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রিয়ার মানবাধিকার কর্মীরাও। উত্তর কোরিয়ার কালোবাজারে মোজা খুবই মূল্যবান একটা পণ্য বলে জানিয়েছেন দেশটির সাবেক বাসিন্দা লি জু-সিং। তিনি বলেছেন, ‘আমরা এই মোজাগুলো পাঠাচ্ছি উত্তর কোরিয়ার শিশুদের কথা চিন্তা করে। যদি এগুলো তাদের কাছে পৌঁছায়, তাহলে তারা এগুলোর বিনিময়ে টাকা বা প্রয়োজনীয় খাবার কিনতে পারবে।’যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী অ্যান্ড্রু পোস্ট এই অভিনব উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারাটাকে সম্মানের বিষয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘এটা জেনে খুব ভালো লাগছে যে অন্য পারের মানুষগুলো হয়তো এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করে থাকবে। এগুলো হয়তো তাদের কিছুটা কাজে লাগবে। হয়তো এগুলো কিছু মানুষের জীবনও বাঁচাতে পারে। তাই এটা আমার জন্য একটা অদ্ভুত অভিজ্ঞতা।’তবে দক্ষিণ কোরিয়ার মানুষের এই উদ্যোগের জবাবটা উত্তর কোরিয়ার সরকার কীভাবে দেবে, সেটা একটা বড় প্রশ্ন। এর আগে এ রকম বেলুনসামগ্রী পাঠানোর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল তারা।