অভিনব কর্মসূচিতে বর্বরতার প্রতিবাদ
সৌদি আরবে সম্প্রতি আট বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে এক অভিনব কর্মসূচি পালিত হলো আজ শনিবার। জাতীয় জাদুঘরের সামনে সকালে ম্যাজিক মুভমেন্ট নামের একটি সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে মুখমণ্ডল কালো কাপড়ে ঢেকে, শরীর দড়ি দিয়ে বেঁধে, মাথা নিচু করে সৌদি আরবে শিরশ্ছেদ হওয়া আট বাংলাদেশির অসহায়ত্বকে অনুভবের চেষ্টা করা হয়।ম্যাজিক মুভমেন্ট ফেসবুক ও ব্লগ ব্যবহারকারী তরুণদের একটি সংগঠন। এই সংগঠনটির কাছে সৌদি আরবে যে পদ্ধতিতে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা অমানবিক, ঘৃণ্য ও বর্বর। আজকের এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি দেশের সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মুহূর্তে সেই আট বাংলাদেশি ছিল কতটা অসহায়। অপরাধীকে শাস্তি দেওয়ার নামে সৌদি আরবের এই অমানবিক বিচার পদ্ধতিরও প্রতিবাদ জানানো হয় এই কর্মসূচি থেকে।ম্যাজিক মুভমেন্টের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।