অভিনেতা ফারুকের শারীরিক অবস্থার উন্নতি
বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর ও আশি দশকের জনপ্রিয় অভিনেতা ফারুকের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিত্সক কৃষ্ণা মোহন সাহু এবং শামস মনোয়ারের তত্ত্বাবধানে এ জনপ্রিয় অভিনেতার চিকিত্সা চলছে।চিত্রনায়ক ফারুকের সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ বুধবার দুপুরে প্রথম আলো ডটকমকে তাঁর স্ত্রী ফারজানা পাঠান জানিয়েছেন, ‘আল্লাহর রহমতে ওর (ফারুকের) অবস্থা এখন ভালো। শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে। দু-এক দিনের মধ্যে সিসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।’ফারজানা পাঠান বলেন, ‘কিডনি ও শ্বাসকষ্টের যে সমস্যার কারণে আমরা হাসপাতালে এসেছিলাম তা এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে।’ তিনি আরও বলেন, ‘দেশবাসীর সবাই ফারুকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে খুব দ্রুত সুস্থ করে দেন।’ উল্লেখ্য, কিডনি ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত সোমবার তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।ফারুক সর্বশেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন আজাদী হাসানাত ফিরোজের পরিচালনায় ‘ঘরের লক্ষ্মী’ ছবিতে। এ ছাড়া তাঁর দীর্ঘ এই অভিনয় জীবনে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘জলছবি’, ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সূর্যগ্রহণ’, ‘কৃষ্ণা’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘নাগরদোলা’, ‘সূর্য সংগ্রাম’, ‘দোস্তি’, ‘জনতা এক্সপ্রেস’, ‘মাটির পুতুল’, ‘পুনর্মিলন’, ‘জীবন সংসার’ ও ‘জীবন নিয়ে যুদ্ধ’। দীর্ঘ অভিনয়জীবনে একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফারুক। লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পান তিনি। এ ছাড়া মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পী বাচসাসসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন। বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বও পালন করছেন।