আরটিভিতে আজ রাতে প্রচার করা হবে ‘জেগে আছো কি?’। স্টুডিও থেকে সরাসরি দেখানো হয় সেলিব্রিটিদের নিয়ে আড্ডার এই অনুষ্ঠান। এর অন্যতম উপস্থাপক সায়েম। কথা হলো তাঁর সঙ্গে। ‘জেগে আছো কি?’ অনুষ্ঠানের আজকের বিষয় কী?অনুষ্ঠানটির একেবারে প্রথম থেকে আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করি। আজকের পর্বের বিষয় হচ্ছে ‘বিনোদন’। অতিথি হিসেবে থাকবেন সংগীতশিল্পী তপু এবং উপস্থাপিকা নাবিলা। বিনোদন নিয়ে আড্ডা দেব অতিথি এবং দর্শকদের সঙ্গে। আপনি তো নাটকেও অভিনয় করছেন?ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল। সেভাবেই নিজেকে প্রস্তুত করছিলাম। কিন্তু কথাবন্ধু হওয়ার ব্যাপারটা একেবারে হঠাৎ করে। রেডিওতে চাকরি করার সময় হুট করেই প্রস্তাব আসে নাটকে অভিনয়ের। সেটি অবশ্য ২০০৯ সালের কথা। এ পর্যন্ত সাতটি নাটকে কাজ করেছি। এর মধ্যে গত ঈদে প্রচারিত হয়েছে অনিমেষ আইচের গণিত মানব। এটা খুবই উল্লেখযোগ্য। তবে অভিনেতা হওয়ার স্বপ্ন এখনো দেখছি। আপনি নাকি স্কুল খুলেছেন?আমার বাবা পুরান ঢাকার গ্র্যাজুয়েট হাই স্কুলে গণিতের শিক্ষক। ওনাকে দেখে একসময় শিক্ষক হওয়ার ইচ্ছে হলো। ২০০৬ সালে জাতিসংঘ আয়োজিত ছবি আঁকার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। এ ছাড়া বাংলাদেশে শিশু একাডেমী, বাংলা একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছবি আঁকার প্রতিযাগিতায় পুরস্কার পেয়েছি। আমি নিজেও একটি স্কুলে ছবি আঁকার ওপর পাঁচ বছর শিক্ষকতা করেছি। কিছুদিন হলো ঢাকার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ‘আরজে সায়েম’স স্কুল অব মিডিয়া আর্ট’ নামে একটি স্কুল খুলেছি। সপ্তাহের শুক্র ও শনিবার আমার অফিস ছুটি। আপাতত এ দুই দিন স্কুলের জন্য সময় দিচ্ছি। নতুন কিছু করছেন?আরটিভির ‘জেগে আছো কি?’ এবং রেডিও ফুর্তির ‘সিলেট কলিং’ অনুষ্ঠানের পাশাপাশি সামনে দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করব। বিনোদন প্রতিবেদক