অভিনেত্রী বললেন, তিনি প্রতারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানবিরোধী একটি চলচ্চিত্রের বিজ্ঞাপনচিত্রকে কেন্দ্র করে লিবিয়া, মিসর, ইয়েমেনসহ বিশ্বের অনেক দেশে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের পর ওই চলচ্চিত্রটি নির্মাণের অভিসন্ধি ধীরে ধীরে বেরিয়ে আসছে। চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী দাবি করেছেন, পরিচালক ও নির্মাতারা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। চলচ্চিত্রটি যে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে নির্মিত, তা তাঁকে একবারের জন্যও বলা হয়নি।ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ডের অধিবাসী সিন্ডি লি গার্সিয়া চলচ্চিত্রটির একটি ছোট মুহূর্তে অভিনয় করেছেন। তিনি বলেন, গত বছর তিনি ‘ডেজার্ট ওয়্যারিয়র’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে গার্সিয়া বলেন, ‘ওটা আমার কাছে ছিল একেবারে অসার, যা ধারণ করা হচ্ছিল তা ছিল খুবই অগোছালো। যারা কাজ করছিল, তাদের আচরণও ছিল সন্দেহজনক।’রয়টার্সের এক প্রতিবেদনে গত বুধবার বলা হয়, ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের চলচ্চিত্রের একটি বিজ্ঞাপনচিত্র ইউটিউবে তুলে দেওয়া হয়। সেটায় মুসলমানদের জন্য অবমাননাকর ও নিন্দনীয় বিষয়কে তুলে ধরা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে-ও হেয় করা হয়। নবীর কোনো ধরনের চিত্র অঙ্কন বা তাঁর চেহারার উপস্থাপন মুসলমানদের কাছে নিষিদ্ধ। অথচ মুসলমানদের বিশ্বাসে আঘাত দিতে চলচ্চিত্রটিতে মহানবী (সা.)-কে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।সাক্ষাত্কারে গার্সিয়া বলেন, গত বছর গ্রীষ্মে লস অ্যাঞ্জেলেসের একটি গির্জার ভেতরে চলচ্চিত্রটি ধারণ করা হয়। সে সময় অভিনেতারা একটি সবুজ পর্দার সামনে অভিনয় করেন, যাতে পরে পটভূমিতে ভিন্ন কিছু যুক্ত করা যায়। তিনি আরও বলেন, শুটিংয়ে প্রায় ৫০ জন অভিনেতা-অভিনেত্রী অংশ নিয়েছিলেন। তিনি জানান, নির্মাতারা তাঁদের বলেছিলেন, ‘ডেজার্ট ওয়্যারিয়র’ নামের একটি ঐতিহাসিক আরব মরু অভিযানকে কেন্দ্র করে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। গার্সিয়া বলেন, দুই হাজার বছর আগের সামাজিক অবস্থার কথা বিবেচনা করে তাঁদের অভিনয় করতে বলা হয়েছিল। পরিচালক বলেছিলেন, ‘ধরে নাও, এখন এটা যিশুর সময়।’চলচ্চিত্রটির নির্মাণএখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, চলচ্চিত্রটির নির্মাতা স্যাম বাসিল নামের এক ইসরায়েলি মার্কিন। এএফপিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ৫০ লাখ ডলারের চলচ্চিত্রটি নির্মাণ করতে তিনি ১০০ ইহুদি দাতার কাছ থেকে সাহায্য নিয়েছেন। তবে ওই ব্যক্তির আসল নাম স্যাম বাসিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বার্তা সংস্থাগুলো।চলচ্চিত্রটি ধারণ করার সময়কার কিছু কাগজপত্র উদ্ধার করে জানা গেছে, চলচ্চিত্রটির নির্মাতার নাম স্যাম বাসিল এবং পরিচালক অ্যালান রবার্টস। তবে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত রবার্টস নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি।দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইনস্যুরেন্স ব্যবসায়ী স্টিভেন ক্লেইন দাবি করছেন, তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের একজন উপদেষ্টা এবং মুখপাত্র। তিনি মনে করেন, ওই দুজন ব্যক্তি তাঁদের ছদ্মনাম ব্যবহার করেছিলেন।রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, বাসিলের সঙ্গে তাঁর দুবার দেখা হয়েছিল। বাসিলের বাড়ি কোথায়, তা তিনি জানতেন না। তবে বাসিল যে ইসরায়েলি ইহুদি নন, তা তিনি নিশ্চিত। তিনি মনে করেন, তাঁর বাড়ি ছিল মধ্যপ্রাচ্যে এবং পরিবারকে বাঁচাতেই তিনি সেখান থেকে পালিয়ে আসেন।ক্লেইন স্বীকার করেন, চলচ্চিত্রটি নির্মাণের পর তিনি বাসিলকে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন।সাউদার্থ পোভার্টি ল’ সেন্টার নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, ক্লেইন একজন খ্রিষ্টান এবং ডানপন্থী মৌলবাদীদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। ক্লেইন ওই তথ্য অস্বীকার করেছেন। তিনি বলেছেন, চলচ্চিত্রটি নির্মাণের পর তিনি সেটি দেখেননি। তবে ক্লেইন যে সত্যিই চলচ্চিত্রটির সঙ্গে জড়িত ছিলেন, তা অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।অভিনেত্রী গার্সিয়া বলেন, ছবিটির এক দৃশ্যে ‘জর্জ’ নামের এক কর্তাব্যক্তি তাঁর কাছ থেকে সন্তানকে কেড়ে নেন। দৃশ্যায়নের সময় দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, জর্জ একজন ‘প্রভাবশালী নেতা’ এবং ‘সন্ত্রাসী’ গোছের। অথচ ইউটিউবে যে ১৩ মিনিটের বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হয়, তাতে দেখা যায়, জর্জ ধ্বনির জায়গায় ‘ইসলামের নবীর নাম’ ব্যবহূত হয়েছে।গার্সিয়া বলেন, চলচ্চিত্রটির নির্মাতার নাম ছিল স্যাম বাসিল। পাকা চুলের বুড়ো লোকটি মজুরি দিয়েছিল চেকে লেখা অঙ্কে। চলচ্চিত্রটি নিয়ে হইচই শুরুর পর গার্সিয়া ফোন করেছিলেন বাসিলকে। তিনি গার্সিয়াকে বলেন, ‘ওটা তোমার ভুল নয়।’ইতিমধ্যে মরিস সাদেক নামের এক মার্কিন কপ্টিক খ্রিষ্টান দাবি করেছেন, তিনি ওই চলচ্চিত্রটি নির্মাণে অর্থ জুগিয়েছেন। তিনি বলেন, লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত নিহত হওয়ায় তিনি দুঃখিত। তবে তাঁর মূল উদ্দেশ্য ছিল মিসরে কপ্টিক খ্রিষ্টানদের যেসব বৈষম্যের শিকার হতে হয়, তা তুলে ধরা। কপ্টিক খ্রিষ্টানরা মিসরের অন্যতম প্রধান সংখ্যালঘু। ওই চলচ্চিত্রটি নির্মাণে বিদেশে অবস্থানরত কপ্টিক খ্রিষ্টানদের অর্থদানের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মিসরের কপ্টিক অর্থডক্স চার্চ।