অভিন্ন নদী নিয়ে চীনকে সতর্ক করল ভারত
ভারত আজ বৃহস্পতিবার চীনকে অভিন্ন নদীর ওপর দুই দেশের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, নদীর ওপর চীনের এমন স্থাপনা নির্মাণ করা উচিত নয় যাতে তা ভারতের কৃষি ও শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে।‘দ্য হিন্দু’ পত্রিকায় গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চীন জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তিব্বতের ইয়ারলাঙ সাঙপো নদীর ওপর তিনটি বাঁধ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। ইয়ারলাঙ সাঙপো নদী ভারতে ঢুকে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে। এটি আরও এগিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগরে পড়েছে।অভিন্ন নদীতে পানির প্রবাহ অক্ষুণ্ন রাখতে ভারত চীনকে অনুরোধ করলেও, নিজে বাংলাদেশের সাথে নদীর পানি ভাগাভাগি করতে দীর্ঘদিন থেকে গড়িমসি করে আসছে। পদ্মা নদীর ওপরে ফারাক্কা বাঁধ নির্মাণসহ শতাধিক অভিন্ন নদীতে বিভিন্ন স্থাপনা তৈরি করে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ন করে চলেছে ভারত। টিপাই মুখে বাঁধ নির্মাণ করার পরিকল্পনাও জারি রেখেছে দেশটি। এ বাঁধ নির্মিত হলে বাংলাদেশের পূর্বাঞ্চল ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দীন আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্রহ্মপুত্র নদীর ওপর কী করা হচ্ছে, তা ভারত সরকার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভারত চীনকে এমন সব কাজ করতে নিষেধ করেছে, যাতে উজানের দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে ভাটির কোনো দেশের সর্বনাশ না হয়।’বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ‘দ্য ডন’ জানায়, গত সপ্তাহে চীনের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নথিপত্রে বলা হয়, সরকার জলবিদ্যুৎ উত্পাদনের জন্য ইয়ারলাঙ জাঙবো নদীসহ কয়েকটি নদীতে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে। তবে এএফপির ওই প্রতিবেদনে প্রকল্প এলাকাগুলোকে চিহ্নিত করা হয়নি।চীনা নথিতে জলবিদ্যুত্ প্রকল্পগুলোর ব্যাপারে এমন তথ্য দেওয়া হয়েছে, যাতে এতটুকু বোঝা যায় যে, সেগুলো নদীর গতিপথ পাল্টে দেবে না বা প্রচলিত পদ্ধতি অনুযায়ী জল আটকানো বাঁধের মতো হবে না। এক বিশেষ পদ্ধতিতে নদীর জলপ্রবাহ অব্যাহত রাখা হবে।চীন ২০১০ সালে ইয়ারলাঙ সাঙপো নদীর ওপর নতুন ধরনের বাঁধ নির্মাণ শুরু করে। কার্যত তিব্বতের বিদ্যুত্সংকট সামাল দিতে চীন ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পটি হাতে নেয়। এ ছাড়া চীন ব্রহ্মপুত্র নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে ও বাঁধের সাহায্য জলবিদ্যুৎ প্রকল্প চালুর চেষ্টাও করেছিল। এ নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অপেক্ষাকৃত শক্তিশালী রাষ্ট্র চীনের সঙ্গে দেনদরবার করে ভারত কতটুকু সফল হবে, তা নিয়ে ভারতীয়দের মধ্যে উদ্বেগ কাজ করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি গতকাল বুধবার বলেন, ‘আন্তরাষ্ট্রীয় নদীগুলোর উন্নয়ন ও ব্যবহারে চীন বরাবরই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। নতুন যেকোনো প্রকল্প শুরুর আগে সব গবেষণা ও পরিকল্পনা করে নেওয়া হবে, যাতে ভাটি বা উজানের জনসমাজের কোন ক্ষতি না হয়।’