প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে প্রথমে তাদের অভিন্ন স্বার্থ চিহ্নিত করতে হবে। তারপর সেই স্বার্থ আদায়ের জন্য আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় কানকুন (মেক্সিকো) সম্মেলনে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।গতকাল রোববার জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক জোটের (জিসিসিএ) এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় পরিবেশ ও বন মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার ও নেপালের প্রতিনিধিরা অংশ নেন। শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি পৃথিবীর আবহাওয়ায়ও দ্রুত পরিবর্তন ঘটছে। কাজেই আমাদের বসে থাকার সময় নেই। এ সম্মেলনে আমাদের অভিন্ন স্বার্থ চিহ্নিত করতে হবে। এরই ভিত্তিতে কানকুন সম্মেলনে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘গত ডিসেম্বরে অনুষ্ঠিত কোপেনহেগেন সম্মেলনের চুক্তি অনুযায়ী ২০১২ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত বিশ্ব যে তিন হাজার কোটি (৩০ বিলিয়ন) মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সংশ্লিষ্ট দেশগুলো এখনো তা পাচ্ছে না। আমরা আশা করি, শিগগিরই তা পাওয়া যাবে। তবে শুধু ওই অর্থের ওপর নির্ভরশীল না হয়ে দেশগুলোর নিজস্ব অর্থায়নেও কাজ করতে হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ইইউর কমিশনার (ক্লাইমেট অ্যাকশন) কনি হেডেগার্ড বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে। কিন্তু প্রভাব মোকাবিলার প্রক্রিয়া চলছে খুবই ধীরগতিতে। এটা ত্বরান্বিত করতে নীতিনির্ধারক ও জনগণের সমবেত অংশগ্রহণ দরকার।ইইউর কমিশনার কোপেনহেগেনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘তবে কোপেনহেগেনে যা অর্জিত হয়েছে তাতে আমরা মোটেই সন্তুষ্ট নই। আমরা, ইইউ চাই জলবায়ুর প্রভাব মোকাবিলায় শিগগিরই উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে কার্যকর আলোচনা ও চুক্তি স্বাক্ষর।’উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং ইইউর রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইন বক্তৃতা করেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।গতকাল উদ্বোধনী অধিবেশনের পর সম্মেলনের মোট তিনটি কর্ম-অধিবেশন হয়। এর মধ্যে প্রথম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন পরিবেশসচিব এবং স্পেনের রাষ্ট্রদূত আরতুরো পেরেজ মার্তিনেজ। এ অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দেশের বিভিন্ন ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন।দ্বিতীয় কর্ম-অধিবেশনে আলোচ্য বিষয় ছিল—কানকুন সম্মেলনে আলোচনা-সমঝোতায় করণীয়। এ অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন স্টিফেন ফ্রোইন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত। তৃতীয় কর্ম-অধিবেশনে জিসিসিএর বর্তমান-ভবিষ্যৎ করণীয়, অর্থ প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন আজ সোমবার সমাপনীসহ তিনটি অধিবেশন হবে। এ ছাড়া ইইউ, বাংলাদেশ, কম্বোডিয়া ও মালদ্বীপ একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করবে।ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ: ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করতে সর্বাত্মক চেষ্টা করছে। সংসদীয় গণতন্ত্রকে আরও জোরদার ও কার্যকর করতে বিরোধী দলকে সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সংসদে তাঁরা নির্বিঘ্নে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। অথচ বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতা হিসেবে আমাকেও নির্বিঘ্নে বক্তব্য দিতে দেওয়া হয়নি।’প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে ভিসা দেওয়া স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে সে দেশের সরকারের প্রতি অনুরোধ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।