অভিনয় করছেন স্টিফেন হকিং!
প্রখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং সম্প্রতি মার্কিন টিভি শো ‘দ্য বিগ ব্যাং থিওরি’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘দ্য বিগ ব্যাং থিওরি’র ছোট একটি চরিত্রে এ বিখ্যাত পদার্থবিদের দেখা মিলবে। সম্প্রতি এমনটিই জানিয়েছে কনট্যাক্টমিউজিক।এ প্রসঙ্গে শোটির প্রযোজক বিল প্র্যাডি জানিয়েছেন, ‘মাঝেমধ্যে অনেকেই জিজ্ঞেস করতেন, অতিথি তারকা হিসেবে কাকে আনার স্বপ্ন দেখি আমরা। এর জবাবে বরাবরই মজা করে স্টিফেন হকিংসের নাম উল্লেখ করতাম। কারণ আমাদের শোতে তাঁর উপস্থিতি এককথায় অসম্ভব বলেই ধারণা ছিল আমাদের। বিষয়টা অনেকটা পৃথিবীতে বসে দূর কোনো নক্ষত্রের দৃশ্য ধারণ করার মতোই।’বিল আরও বলেছেন, ‘এত দিন যেটা আমাদের কাছে অলীক স্বপ্ন বলে মনে হতো, তা আজ বাস্তবে রূপ পেতে যাচ্ছে। আমরা কীভাবে আমাদের শোতে স্টিফেন হকিংকে পেলাম, সেটা আমাদের কাছেও অপার একটি বিস্ময়। শুধু বিস্ময়করই নয়, এটাকে রীতিমতো রহস্যময় ঘটনাও বলা যায়, যার সমাধান কেবল স্টিফেন হকিংই দিতে পারেন।’চাক লরে প্রোডাকশনের ‘দ্য বিগ ব্যাং থিওরি’ টিভি শোটি যাত্রা শুরু করেছিল ২০০৭ সালে। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় যুক্তরাষ্ট্রের সিবিএস নেটওয়ার্কে প্রচারিত হচ্ছে শোটি।স্টিফেন উইলিয়াম হকিংয়ের জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি। সিএইচ, সিবিই, এফআরএস ও পিএইচডি ডিগ্রিধারী এই প্রতিভাবান বিজ্ঞানীকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন) এবং কেমব্রিজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসেবে কাজ করছেন।একপ্রকার মোটর নিউরন রোগ এএলএস বা এমায়োট্রফিক ল্যাটারাল সেক্লরোসিসে আক্রান্ত স্টিফেন হকিং। ১৯৮৫ সালে বাকশক্তি হারান তিনি। বর্তমানে পুরোপুরি প্যারালাইসিসে আক্রান্ত হলেও তাঁর গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গেই চালিয়ে যাচ্ছেন শতাব্দীর প্রখ্যাত এই তাত্ত্বিক পদার্থবিদ।হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণাপ্রবাহ। অন্তত ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানের চর্চা করছেন। লিখিত বই ও বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে তিনি একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন। তিনি রয়্যাল সোসাইটি অব আর্টসের সম্মানিত ফেলো ও পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য।