বৈশাখী টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক নিসর্গ। নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন রুলীন রহমান। এখানে অভিনয় করছেন সুমাইয়া শিমু। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?আমাদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসুফ হাসানের পরিচালনায় একটি নাটকে অভিনয় করছি। এটি লিখেছেন আহসান হাবীব। নাম চ্যালেঞ্জ। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম। তরুণ-তরুণীর পাল্টাপাল্টি চ্যালেঞ্জকে কেন্দ্র করে নাটকটির গল্প।‘নিসর্গ’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে আমার চরিত্রের নাম দময়ন্তী। গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ে। ভাইয়ের নামে পুরো এলাকার মানুষজন ভয়ে তটস্থ থাকে। কিন্তু মেয়েটা শারীরিক প্রতিবন্ধী। আমার চরিত্রটি একাধারে ইতিবাচক ও নেতিবাচক—দুটি অর্থই বহন করে। নাটকে দেখা যাবে, যে ভাইকে পুরো গ্রামবাসী ভয় পায়, সেই ভাই আবার ছোট বোনের ভয়ে অস্থির থাকে। ক্রিকেট নিয়ে নাকি একটি ধারাবাহিকে কাজ করেছেন?হ্যাঁ, ধারাবাহিকটির নাম মার ছক্কা। কাল মঙ্গলবার থেকে নাটকটি চ্যানেল আইয়ে দেখানো হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তৈরি হয়েছে নাটকটি। এখানে আমাকে একজন প্রমীলা ক্রিকেটার হিসেবে দেখা যাবে। রাজশাহী বিভাগের হয়ে দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলি। ঢাকায় আসি বিশ্বকাপ ক্রিকেট খেলার টিকিট সংগ্রহের জন্য। একজন খেলোয়াড় হয়েও টিকিট না পাওয়ায় মনের মধ্যে একধরনের দুঃখবোধ কাজ করে।আপনি কখনো ক্রিকেট খেলেছেন?বাস্তবে কখনো ক্রিকেট-ব্যাট ধরা হয়নি। নাটকের শুটিংয়ের জন্য প্রথমবারের মতো ক্রিকেট-ব্যাট হাতে নিয়েছি। তা ছাড়া ব্যাট, প্যাড, হেলমেট ও গ্লাভস পরে যখন ক্রিকেট খেলার জন্য তৈরি হই, তখন কিন্তু নিজেকে ক্রিকেটারই মনে হয়েছে। রীতিমতো মাঠে গিয়ে ক্রিকেট খেলতে হয়েছে। প্রথম দিকে অবশ্য ব্যাট ধরতে পারতাম না। পরে আস্তে আস্তে পরিচালক এবং সহশিল্পীদের সহযোগিতায় খেলাটা কিছুটা হলেও শিখতে পেরেছি। নতুন নাটকে কাজের কী খবর?এখন টিভিতে দেখানো হচ্ছে ললিতা ও প্রজাপতি ধারাবাহিক। এ ছাড়া আরও করছি রেদওয়ান রনির ইশকুল, রুলিন রহমানের ছায়ানারী কায়ানারী, জুয়েল মাহমুদের চুপ আদালত চলছে। সামনে নজরুল ইসলামের এক ঘণ্টার একটি নাটকের কাজ করব।