অভিনয় করেছেন রুমী
অভিনয় করেছেন সংগীতশিল্পী আরফিন রুমী। নাটকের নাম প্রিয় মা। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। অভিনয় করে কেমন লেগেছে? রুমী বলেন, ‘ও কাজ আমার না। অভিনয়ে এত কষ্ট, ভাবতে পারিনি। নাটকের গল্প মাকে নিয়ে। পড়ে খুব ভালো লেগেছে। তাই রাজি হয়েছি।’প্রিয় মা নাটক লিখেছেন ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলেটির বয়স যখন মাত্র এক, ওই সময় তার মা মারা যান। তখন থেকেই মায়ের আদর-ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছেলেটি। বড় হওয়ার পর থেকে যেখানেই মায়ের আদর-স্নেহ-ভালোবাসা পাওয়ার সুযোগ দেখেছে, সেখানেই ছুটে গেছে।’গানের জনপ্রিয় শিল্পী অভিনয় করছেন—এটা আর এখন অবাক করার মতো কোনো খবর নয়। অনেকেই অভিনয় করছেন। গানের পাশাপাশি অভিনয় করে জনপ্রিয়তাও পেয়েছেন। তাহলে রুমীকে নিয়মিতই অভিনয় করতে দেখা যাবে? রুমী কী বলেন? ‘মোটেই না। আমার কাজ গান করা, নতুন নতুন সুর তৈরি করা। ওই কাজ নিয়েই থাকতে চাই। সময়-সুযোগ আর ভালো স্ক্রিপ্ট পেলে মাঝেমধ্যে দু-একটি হতে পারে, তার বেশি নয়।’ এতে আরও অভিনয়করেছেন অহনা, শায়না, লায়লা হাসান প্রমুখ। আর নাটকটি প্রচারিত হবে চ্যানেল নাইনে।