চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে রাজিবুল ইসলামের ধারাবাহিক নাটক নো ম্যানস ল্যান্ড। এতে অভিনয় করেছেন অপর্ণা। কথা হলো তাঁর সঙ্গে।‘নো ম্যানস ল্যান্ড’-এ আপনার চরিত্র কী ধরনের?এখানে আমি একটি প্রতারক চক্রের সদস্য। যাঁরা দেশের বাইরে যান, তাঁদের সঙ্গে নানাভাবে প্রতারণা করে অর্থ নিয়ে নিই। খুব মজা হয়েছিল কাজটি করতে। পুরো শুটিং হয়েছে থাইল্যান্ডের পাতায়াতে। দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা কেমন হলো?অনেক মজা করেছি দলের সবাই। দেশের বাইরে এটাই আমার প্রথম কাজ। পরিবারের সঙ্গে এর আগে অনেকবার ঘুরতে গিয়েছি। কিন্তু অভিনয় করতে যাওয়ার অভিজ্ঞতা অন্য রকম ছিল। প্রায় ১২ দিন আমাদের শুটিং হয়েছে। কাজ শেষে আমরা অনেক রাতে কেনাকাটা করতে গিয়েছি; এমনকি রাতের বেলা একাও ঘুরতে বের হয়েছি। আর কী কাজ করছেন এখন?ফোনো লাইভ অনুষ্ঠানে উপস্থাপনা করছি। শাহাদাত হোসেনের পরিচালনায় ধারাবাহিক নাটক জননীর পাশাপাশি বেশ কয়েকটি নাটকের শুটিং চলছে। এই মাস থেকে দেশ টিভিতে রেদওয়ান রণির রেডিও চকলেট প্রচারিত হবে। এ মুহূর্তে এনটিভিতে টার্মিনাল ধারাবাহিক প্রচারিত হচ্ছে।উপস্থাপনা কেমন উপভোগ করছেন?আমি একটু চুপচাপ স্বভাবের মেয়ে। ফোনো লাইভে অনেক কথা বলতে হয়। তাই বুঝতে পারছিলাম না পারব কি না। এ অনুষ্ঠানের প্রযোজক রিফাতের অনুরোধ ও অনুপ্রেরণায় আসলে কাজটি করা হয়েছে। এখন ভালো লাগছে। রাত জেগে দর্শকেরা ফোন করেন। কত মানুষের সঙ্গে কথা হয়। বিষয়টি বেশ উপভোগ করছি। সবার কাছ থেকে সাড়া পেয়েছি। আরেকটি বিষয় হলো, প্রিয় অনেক শিল্পী ও ব্যান্ডের গান সরাসরি শুনতে পাই। নিজেকে সৌভাগ্যবান মনে হয় তখন। ইংরেজি সাহিত্যে লেখাপড়া শেষ করেছেন। এ বিষয়ে পেশা বেছে নেওয়ার কোনো ইচ্ছা আছে কি?না, তেমন কোনো পরিকল্পনা নেই। এখন অভিনয় ছাড়া আর কিছু ভাবছি না। তৌহিদা শিরোপা