আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক অলরাউন্ডার। দীপঙ্কর দীপন পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন আজিজুলহাকিম। কথা হলো তাঁর সঙ্গে।বৃষ্টির দিনে কী করছেন?মচমচে ইলিশ ভাজা, খিচুড়ি আর গরুর মাংসের কল্যাণে দিনটা (গতকাল শনিবার) বেশ জমেছিল। পাশের বাসার জুঁই আপা আর ভাই খুব খাওয়াতে ভালোবাসেন। আপার রান্নার গল্পই বললাম। কাল (আজ রোববার) শুটিং নেই। তাই জমিয়ে রাখা অফিসের সব কাজ নিয়ে বসেছি। কাজ করতে করতে অবসর। ‘অলরাউন্ডার’ নাটক নিয়ে কিছু বলুন।পুরান ঢাকার একটি ক্লাবকেন্দ্রিক এ নাটকটি। এটি মূলত ক্রিকেট ক্লাব। ক্লাবে পুরান ঢাকার একজন ব্যবসায়ী ডোনার চরিত্র আছে, যিনি ক্লাবের ওপর খুব প্রভাব বিস্তার করতে চান। বাস্তব জীবনে এমন কোনো ক্লাবে জড়িত ছিলেন?বাস্তব জীবনে ঠিক এমনভাবে ক্লাব-রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, তবে একসময় ক্লাবে ফুটবল খেলতাম। ‘অলরাউন্ডার’-এ শুটিংয়ের সময়কার কোনো ঘটনার কথা বলুন।খেলোয়াড় আর কোচদের নিয়ে আমাদের কাজ। শুটিংটা হয় ক্লাবের মাঠেই। প্রচণ্ড রোদের মধ্যে কাজ করে আমরা হাঁপিয়ে উঠি ঠিকই, তবে দীপঙ্কর দীপনসহ সবার সঙ্গে কাজ করলে কষ্টটা আর কষ্ট থাকে না। ঈদের নাটক নিয়ে ব্যস্ততা...সামনে আমার মেয়ের পরীক্ষা, তাই কাজ একটু কম করে ওকে সময় দেওয়ার চেষ্টা করছি। ঈদের জন্য আবু আল-সাঈদের পরিচালনায় লিফট নাটকে কাজ করলাম। লিফটে আটকে পড়ার ঘটনা নিয়ে এর কাহিনি। আপনার মেয়ে অভিনয়ে কেমন করছে?আমার মেয়ে নাযাহর ছোটবেলা থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল। এখনো ভালো কাজ করতে চেষ্টা করছে। সম্প্রতি শহীদুজ্জামান সেলিমের একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছে। আশা করছি, শহীদুজ্জামান সেলিমের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারবে। বহুদিনের অভিনয়জীবনে ক্লান্তি এসেছে কখনো?বহুদিন ধরে অভিনয় করছি। অভিনয়টা ভালোবাসি। সারা জীবন এর সঙ্গে থাকতে চাই। তাই অভিনয়ে প্রতিদিনই ভিন্নতা, সৃজনশীলতা খুঁজে পাওয়ার চেষ্টা করি। আর সুন্দর কাজের পরিবেশের কারণেও কখনো ক্লান্তি লাগে না।