অভিনয়ে চিরকুট
চিরকুট ব্যান্ডের সদস্যরা এবার ধারাবাহিক নাটকে অভিনয় করবেন। জানা গেছে, ঈদের পর থেকেই শুটিংয়ে অংশ নেবেন তাঁরা। নাটকটির নাম জাদুর শহর। এটি পরিচালনা করবেন নূরুল আলম আতিক। চিরকুট ব্যান্ডের প্রধান সদস্য সুমী বলেন, ‘আমরা কখনো অভিনয় করব ভাবিনি। নূরুল আলম আতিক ইউটিউবে চিরকুটের গান শুনে আমাদের অভিনয়ের প্রস্তাব দেন। এরই মধ্যে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আর নাটকে আমাদের চিরকুট হিসেবেই দেখানো হবে। এ কারণেই অভিনয়ে রাজি হওয়া।’অভিনয়ের পাশাপাশি নাটকটির শিরোনাম-সংগীতেও কণ্ঠ দেবে চিরকুট। জাদুর শহর ধারাবাহিকের শিরোনাম-সংগীতটি লিখেছেন এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করছে চিরকুট। জাদুর শহর নাটকটি যৌথভাবে লিখছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। এ ছাড়া পাণ্ডুলিপি তৈরির দলে আছেন গোলাম রাব্বানী, প্রসূন রহমান, আনন্দ প্রমুখ। নাটকের অভিনয়শিল্পীরা হলেন ডলি জহুর, নায়লা আজাদ নূপুর, আজিজুল হাকিম, মুনিরা মিঠু, মহিউদ্দিন বাহার, শিল্পী সরকার, মৌসুমী, আজরা, হিল্লোল, জ্যোতিকা জ্যোতি, দিহান, মাজনুন মিজান প্রমুখ।