অভিনয়ে বিরতি দিচ্ছেন মেগান ফক্স !
সন্তান আকাঙ্ক্ষায় আকুল হয়ে উঠেছেন হলিউডের অভিনেত্রী মেগান ফক্স। বহুদিনের লালিত এ স্বপ্নের বাস্তবায়নে অভিনয়ে বিরতি টানারও পরিকল্পনা আঁটছেন ‘ফ্রেন্ডস উইথ কিডস’খ্যাত এই তারকা।‘মা হওয়ার অপেক্ষায় আছেন মেগান ফক্স। চড়াই-উতরাই পেরিয়ে এখন তাঁর অভিনয় জীবন অনেকটাই শক্ত অবস্থানে এসে পৌঁছেছে। এ ছাড়া তাঁর স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের বয়সও ৪০ ছুঁই ছুঁই। সব মিলিয়ে মা হওয়ার জন্য এখনই আদর্শ সময় বলেই মনে করছেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।’ ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে শোবিজস্পাই।এদিকে খবর রটেছে, এরই মধ্যে নাকি গর্ভধারণ করেছেন মেগান ফক্স। তবে এখন পর্যন্ত খবরটি কেবল পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের কাছেই প্রকাশ করেছেন তাঁরা। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘খুব সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়েছেন মেগান। সুখবরটি জানতে পেরে দারুণ উচ্ছ্বসিত এ তারকা দম্পতি। তবে এখন পর্যন্ত কেবল কাছের মানুষদের কাছেই এ বিষয়ে মুখ খুলেছেন তাঁরা।’সূত্রটি আরও জানিয়েছে, ‘ব্রায়ানের নয় বছর বয়সী ছেলে ক্যাসিয়াসের সত্ মা হলেও তাঁর সঙ্গে এরই মধ্যে দারুণ খাতির জমিয়ে ফেলেছেন মেগান। এখন পরিবারকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। এসব কারণে ব্রায়ান অনেকটাই নিশ্চিত যে মা হিসেবে চমত্কার দায়িত্ব পালন করবেন মেগান।’উল্লেখ্য, ২০১০ সালের ২৪ জুন হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্টে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হলিউডের এই তারকাজুটি।