অভিনয়ে ব্যান্ডদল ‘চিরকুট’
ব্যান্ডদল চিরকুট এবারে নাটকে অভিনয় করতে যাচ্ছে। জানা গেছে, ঈদের পর থেকেই তারা শুটিংয়ে অংশ নেবে।নূরুল আলম আতিকের ‘জাদুর শহর’ নামের এ নাটকটিতে তাদের ‘চিরকুট’ হিসেবেই দেখানো হবে।নাটকে অভিনয় প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের প্রধান সদস্য সুমী বলেন, ‘কখনো অভিনয় করব, ভাবিনি। নির্মাতা নূরুল আলম ইউটিউবে চিরকুটের গান শুনে আমাদের অভিনয়ের প্রস্তাব দেন। এরই মধ্যে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সবচেয়ে বড় কথা, নাটকে আমাদের চিরকুট হিসেবেই দেখানো হবে। বলতে পারেন, সে কারণেই অভিনয়ে রাজি হওয়া।’অভিনয়ের পাশাপাশি নাটকটির শিরোনাম সংগীতেও কণ্ঠ দেবে এই ব্যান্ডদলটি। ‘জাদুর শহর’ ধারাবাহিকের শিরোনাম সংগীতটি লিখেছেন এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করছেন চিরকুট ব্যান্ড। জাদুর শহর নাটকটি যৌথভাবে লিখছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। এ ছাড়া পাণ্ডুলিপি তৈরির দলে আছেন গোলাম রাব্বানী, প্রসূন রহমান, আনন্দ প্রমুখ। নাটকে অভিনয় করছেন ডলি জহুর, নায়লা আজাদ নূপুর, আজিজুল হাকিম, মুনিরা মিঠু, মহিউদ্দিন বাহার, শিল্পী সরকার, মৌসুমী বিশ্বাস, আজরা, হিল্লোল, জ্যোতিকা জ্যোতি, দিহান, মাজনুন মিজানসহ আরও অনেকে।চিরকুট ব্যান্ডের লাইনআপ হচ্ছেন, লিড ভোকাল সুমী, ভোকাল পিন্টু ঘোষ, লিড গিটার ইমন ও ড্রামার পাভেল আরীণ।