অভিবাসন ব্যবস্থা সংস্কারে ওবামার পুনরায় ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভেঙেপড়া অভিবাসন ব্যবস্থা সংস্কারের ঘোষণা আবারও দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অভিবাসন বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ‘আমাদের অভিবাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের মূল ভাবধারাকে আহত করছে।’ সংস্কার না হওয়ার জন্য তিনি রিপাবলিকানদের অসহযোগিতাকে দায়ী করেন।রাজনৈতিক ও ধর্মীয় সংগঠকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বলেন, রাজনৈতিক টানাপোড়েন এবং স্বার্থান্বেষী মহলের কারণে সংস্কার প্রয়াস থমকে দাঁড়িয়েছে। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের এ সময়ে অভিবাসন সংস্কারের পক্ষে থাকা অনেকেই অবস্থান পরিবর্তন করছেন নাটকীয়ভাবে। ওবামা উল্লেখ করেন, অভিবাসন সংস্কারের পক্ষে থাকা ১১ জন রিপাবলিকান আইন প্রণেতা এখন আগের অবস্থান থেকে সরে গেছেন। রিপাবলিকানদের সহযোগিতা ছাড়া অভিবাসন সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার আইন প্রণয়ন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। ওবামা অভিবাসনকে গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা উল্লেখ করে এর সংস্কারে সব মহলে ঐক্যের আহ্বান জানিয়েছেন।অভিবাসন সংস্কার নিয়ে প্রেসিডেন্টের বক্তব্যের পরই রিপাবলিকানরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জন কাইল বলেন, এখনো মেক্সিকো সীমান্ত দিয়ে বছরে পাঁচ লাখ অবৈধ লোকের প্রবেশ ঘটছে যুক্তরাষ্ট্রে। সীমান্ত নিরাপত্তা জোরদার হয়েছে বলে প্রেসিডেন্ট ওবামার বক্তব্যকে নাকচ করে দিলেন সিনেটর কাইল। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়াই হবে ওবামা প্রশাসনের জরুরি কাজ।এদিকে অভিবাসন সংস্কার নিয়ে ওবামার বক্তব্যকে জোরালো মনে করলেও সংশয় আছে অভিবাসীদের মধ্যে। অভিবাসী গ্রুপগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিশ্রুতি ছিল ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই অভিবাসন আইনের সংস্কার হবে। লাখ লাখ অবৈধদের বৈধতা প্রদানের বিষয়টি সুরাহা হবে। এখন মধ্যবর্তী নির্বাচনের এ সময়ে রাজনৈতিক ঝুঁকিতে থাকা বহু ডেমোক্রেট আইন প্রণেতারাও অভিবাসন আইনের সংস্কার নিয়ে নীরব। পাশাপাশি রিপাবলিকানদের বৈরিতার মধ্যে প্রেসিডেন্ট ওবামার অভিবাসন সংস্কার পদক্ষেপ কতটা সফল হবে—এ নিয়ে শঙ্কামুক্ত হতে পারছে না অভিবাসী গ্রুপগুলো।