অভিবাসী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিনটি উদ্যাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য: ‘নিরাপদ অভিবাসন, অর্থনীতির উন্নয়ন’।দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনের অনুষ্ঠানের অয়োজন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সকাল ১০টায় দিবসটির উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের আগে জাতীয় সংসদের দক্ষিণ পাশের মানিক মিয়া এভিনিউ থেকে একটি শোভাযাত্রা বের হবে।অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, দেশপ্রেমের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সম্মান বাড়াতে অভিবাসীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান বাজারে অভিবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দিবসটির নানা দিক তুলে ধরেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহমেদ খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ ইস্কাটনে ২০ তলাবিশিষ্ট প্রবাসীকল্যাণ ভবনের উদ্বোধন করবেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দুটি অণুবিভাগ, প্রবাসীকল্যাণ ব্যাংক এ ভবনে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ভবনেই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অভিবাসন (ইমিগ্রেশন) সার্ভিস, পাসপোর্ট অধিদপ্তরের শাখা, রিক্রুটিং এজেন্সি বায়রার শাখা অফিস, ট্রাভেল এজেন্সির অফিস, স্বাস্থ্য পরীক্ষার বুথ এবং প্রবাসী কর্মীদের জন্য ব্রিফিং সেন্টারসহ বিদেশগামী ব্যক্তিদের সব সেবামূলক কার্যক্রম চালু করা হবে। দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় ও সারা দেশের প্রতিটি জেলায় এবং বিদেশে বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।