অভিবাসী নারী শ্রমিকেরা নির্যাতিত হলেও দূতাবাসে যান না: আইওএম
অভিবাসী নারী শ্রমিকদের ৬৫ শতাংশেরও বেশি নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার হওয়া নারীদের একটি বড় অংশ কখনো দূতাবাসে যান না। ঢাকার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।আইওএমের পরামর্শক মাহরুখ মহিউদ্দীন প্রতিবেদন উপস্থাপনের সময় বলেন, অভিবাসী নারী শ্রমিকেরা শারীরিক নির্যাতনসহ নানা অত্যাচারের শিকার হন। সাহায্যের জন্য তাঁদের প্রায় ৮৭ শতাংশ স্থানীয় দূতাবাসে যোগাযোগ করেন না। অভিবাসী নারী শ্রমিকদের সুরক্ষায় কূটনৈতিক তত্পরতা বাড়ানো দরকার। অন্যান্য দেশের দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখেন। উত্সব-অনুষ্ঠানে তাঁরা নিজ দেশের লোকজনকে আপ্যায়ন করেন। বাংলাদেশ দূতাবাস এ বিষয়গুলো চিন্তা করে দেখতে পারে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার বলেন, গবেষণা প্রতিবেদনটি মাত্র ১০০ জনের ওপরে পরিচালিত সাক্ষাত্কারভিত্তিক জরিপের ওপরে ভিত্তি করে তৈরি। গবেষণা প্রতিবেদনই বলছে, ফিরে আসা কর্মীদের ৭৪ শতাংশ আবারও বিদেশে কাজ করতে যেতে চান। এত নারী নির্যাতনের শিকার হলে, তাঁরা আবারও বিদেশে কাজের জন্য যেতে চাইতেন না। গত বছর ৩৮ হাজার নারী শ্রমিক বিদেশে গেছেন। তাঁদের মধ্যে ১০-১৫ জন নির্যাতনের শিকার হয়েছেন, এমন খবর তাঁরা পেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন শামসুন্নাহার। তিনি বলেন, হংকং ও জর্ডানের সঙ্গে সরকার যে চুক্তি করেছে, তাতে গৃহশ্রমিকেরা সপ্তাহে এক দিন ছুটি পাবেন, তাঁরা ওই সব দেশের নাগরিকদের মতো স্বাস্থ্যবিমার সুযোগও ভোগ করবেন। তবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক নুরুল ইসলাম বলেন, দূতাবাসগুলো কীভাবে অভিবাসী শ্রমিকদের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখতে পারে, সে বিষয়টি নিয়ে তাঁরা ভাবছেন। দূতাবাসের আইনি সহায়তা কেন্দ্রে অভিবাসী শ্রমিকেরা সহজে যেতে পারছেন কি না, কীভাবে এই সেলগুলো আরও বেশি কার্যকর করা যায়, সেসব নিয়ে আলোচনা চলছে।গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, যত নারী বিদেশে কাজ করতে যাচ্ছেন, তাঁদের প্রায় ৪৮ শতাংশ কখনো স্কুলে যাননি এবং প্রায় ৬৭ শতাংশ প্রশিক্ষণ ছাড়া বিদেশে যাচ্ছেন। তাঁদের প্রায় ৫৬ শতাংশ বিপুল টাকা ধার করেন এবং অনেকেই ধার শোধ করতে পারেন না। তাঁরা মূলত দালালদের খপ্পরে পড়ে প্রচুর টাকা খুইয়ে বিদেশে যান এবং ধার শোধ করতে গিয়ে জমানো টাকা শেষ করেন। যাঁরা বিদেশ থেকে ফিরে এসেছেন, তাঁদের একটা বড় অংশ দেশে ফিরে অর্থ রোজগারের কোনো কাজে যুক্ত হচ্ছেন না। আইওএম এদিকগুলোতে নজর দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে।জাতিসংঘের লিঙ্গসাম্য ও নারীমুক্তি-বিষয়ক দপ্তরের (ইউএনউওমেন) কর্মসূচি ব্যবস্থাপক নাহিদ এম আহমেদ বলেন, অভিবাসী শ্রমিকদের বিদেশে যাওয়ার খরচ শুধু টাকার অঙ্কে হিসাব করলেই চলবে না। এর একটা সামাজিক ব্যয়ও আছে। শ্রমিকেরা বাইরে যাচ্ছেন পরিবার ছেড়ে আর দেশও শ্রমশক্তি হারাচ্ছে। কত শ্রমিক যাচ্ছেন, কতজন ফেরত আসছেন, তাঁরা কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, সেগুলো ভালো করে খতিয়ে দেখা প্রয়োজন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান শরত্ দাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবুল কালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইওএমের কর্মসূচি ব্যবস্থাপক ক্রিস্টিনা বারওয়েল।