অভিবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কেন নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। জনস্বার্থে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী রিট আবেদনটি করেন। রিটে নিরাপদ অভিবাসনের জন্য জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, অভিবাসীদের চাকরির নিশ্চয়তা, পুনর্বাসনসহ অধিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়। রিটে লেবাননে পাঁচ বাংলাদেশি নারীশ্রমিককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও নির্দেশনা চাওয়া হয়।আদালত অভিবাসীদের চুক্তি অনুযায়ী চাকরি ও সুরক্ষা নিশ্চিতের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চান। একই সঙ্গে আদালত ওই পাঁচ নারীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ১৫ দিনের মধ্যে জানাতে বলেছেন।মন্ত্রিপরিষদ সচিব, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, শ্রমসচিব, আইনসচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক (ডিজি), বায়রার সভাপতি, বিওইএসএলের সভাপতিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া আদালত পাচার, জবরদস্তিমূলক শ্রম স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে নতুন সম্মিলিত একটি আইন প্রণয়ের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে বলেছেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন সীমা জহুর।