অভিবাসীদের বৈধতা দেওয়ার আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে। অভিবাসীদের ব্যাপক সমর্থনে প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচনে টনক নড়ে উঠেছে রক্ষণশীলদের।ভেঙে পড়া মার্কিন অভিবাসন আইনের সংস্কার নিয়ে আবার উদ্যোগী হয়ে উঠেছেন আইনপ্রণেতারা। জনসমর্থন বৃদ্ধির আশায় রিপাবলিকানদের পক্ষ থেকেও এখন অভিবাসীদের প্রতি ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে।অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার জন্য নতুন আইন প্রস্তাবের উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতার মাধ্যমে ডেমোক্র্যাট দলের সিনেটর চার্লস শুমার ও রিপাবলিকান সিনেটর লিনডসি গ্রাহাম যৌথভাবে এ উদ্যোগ নিয়েছেন।কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বিরোধিতার কারণে গত চার বছরে অভিবাসন আইন নিয়ে সব উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে অভিবাসীরা, বিশেষ করে হিস্পানিকদের ব্যাপক সমর্থন পেয়েছেন ওবামা। টানা বিরোধিতার কারণে রিপাবলিকান দল অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত হয়ে উঠেছে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির শোচনীয় পরাজয়ের জন্য অভিবাসন বিরোধিতাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন-পরবর্তী সময়ের বাস্তবতায় রিপাবলিকানদের অভিবাসন নিয়ে আগের অবস্থান থেকে নমনীয় হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবারত প্রায় দেড় কোটি অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে উভয় দলের মধ্যে আবার সমঝোতা আলোচনা শুরু হয়েছে।নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর চার্লস শুমার এনবিসি টিভিকে দেওয়া সাক্ষাত্কারে অবৈধ অভিবাসীদের বৈধতা নিয়ে উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, রিপাবলিকান সিনেটর লিনডসি গ্রাহামের সঙ্গে সমঝোতার মাধ্যমে যৌথ আইন প্রস্তাবের খসড়া প্রণয়ন করা হচ্ছে। এর আগেও প্রভাবশালী এ দুই আইন প্রণেতা অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রস্তাব করেছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁদের আগের আইন প্রস্তাবকে গুরুত্বপূর্ণ আইন কাঠামো বলে উল্লেখ করেছিলেন। রিপাবলিকান রক্ষণশীলদের প্রবল বিরোধিতার কারণে ওই আইন প্রস্তাবটি কংগ্রেসে মুখ থুবড়ে পড়ে। সিবিএম নিউজের এক অনুষ্ঠানে রিপাবলিকান সিনেটর লিনডসি গ্রাহাম বলেন, ২০০৪ সাল থেকেই দেখা যাচ্ছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিস্পানিকদের সমর্থন লাভে ব্যর্থ হচ্ছেন। এবারের নির্বাচনের পর রাজনৈতিক কারণেই রক্ষণশীল রিপাবলিকানদের অভিবাসনবিরোধী অবস্থানে পরিবর্তনের শুরু দেখা যাচ্ছে। অভিবাসন সংস্কার আইন প্রণয়নের মধ্য দিয়ে রিপাবলিকানদের সঙ্গে অভিবাসীদের সম্পর্কের দেয়াল অপসারণ করতে চান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ভোটার অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পক্ষে।সিনেটর শুমার ও গ্রাহামের যৌথ আইন প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ হয়নি। তবে সিনেটর চার্লস শুমার বলেন, ইংরেজি শিখেতে হবে, কাজে থাকতে হবে এবং কোনো অপরাধে সংশ্লিষ্ট নয়—এমন অবৈধদের বৈধতা দেওয়ার প্রস্তাব করা হবে।