অভিবাসীদের সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী পরিবেশ সত্ত্বেও সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সমীক্ষায় বাংলাদেশ স্থান করে নিয়েছে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর তালিকায়। বাংলাদেশের এই প্রবৃদ্ধি অর্জনে যে কয়েকটি সেক্টর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অভিবাসী ও অভিবাসীদের প্রেরিত রেমিটেন্স তাদের মধ্যে অন্যতম। মোটামুটি সাম্প্রতিক সময়ে, অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে, আবার এ বছর অভিবাসন সেক্টর বড়মাপের ঝুঁকির মুখেও পড়েছে। অর্জনের খাতায় শুরুর দিকে আছে, অভিবাসন অর্ডিন্যান্স ১৯৮২ রিফর্ম, জাতিসংঘ কনভেনশন ১৯৯০ অনুসমর্থনের সিদ্ধান্ত, প্রবাসী ব্যাংক প্রতিষ্ঠা এবং নিয়োগ প্রক্রিয়ায় ডিজিটালকরণ এসব দিক। বাংলাদেশে অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় অভিবাসন অধ্যাদেশ ১৯৮২-এর দ্বারা। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি ২০১০ সালে এই আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে। এই সংশোধন কার্যক্রম অভিবাসীদের সেবাদানের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৯৭ থেকে রামরু ও ওয়ারবে ১৯৯০-এর সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবার-সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনটি অনুসমর্থনের জন্য সরকারের কাছে দাবি করে আসছে। ১৯৯৮ সালে বাংলাদেশ এটি স্বাক্ষর করে কিন্তু কোনো সরকারই এটিকে অনুসমর্থন করেনি। ১৫ ডিসেম্বর আইনমন্ত্রী ঘোষণা করেন, ১৯৯০ কনভেনশনটি অনুসমর্থনের জন্য করণীয় সব কাজ সরকার সমাপ্ত করেছে এবং এটি অনতিবিলম্বে মন্ত্রিপরিষদের ক্যাবিনেট কর্তৃক অনুসমর্থিত হবে। অন্যদিকে অভিবাসন ব্যয় নির্বাহ এবং রেমিটেন্সের উৎপাদনমুখী ব্যবহারে পুঁজি জোগান দেওয়ার জন্য ২০০৯ সালে প্রধানমন্ত্রী একটি প্রবাসী ব্যাংক স্থাপনের ইচ্ছা ব্যক্ত করেন। ২০১০-এর ১৩ ডিসেম্বর এই ব্যাংক প্রতিষ্ঠা আইনটি অনুমোদিত হয়। ২০১০ সালে অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় আরেকটি মাইলফলক হচ্ছে স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া সম্পন্নকরণ। এ ছাড়া ২০০৯ সালের মাঝামাঝি রামরুর কারিগরি সহযোগিতায় বিএমইটি একটি অনলাইন অভিযোগব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। রেমিটেন্স স্থানান্তরের ক্ষেত্রে ক্যাশ টু ক্যাশ বা স্পট ক্যাশ সিস্টেম বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এই ব্যবস্থায় অভিবাসীরা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই দেশে রেমিটেন্স প্রেরণ করতে পারছেন। অভিবাসন প্রক্রিয়ার ২০১০-এর চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে বাজার সংকোচন, রেমিটেন্স প্রবৃদ্ধি হ্রাস, ব্যাংকলোন প্রকল্পগুলোর অকার্যকারিতা, জাতিসংঘের জিএফএমডিতে বাংলাদেশের দায়সারা অংশগ্রহণের মতো বিষয়গুলো। বিশ্বমন্দা-উদ্ভূত পরিস্থিতিতে ২০০৯ সালে আগের বছরের তুলনায় অভিবাসন ১৭.৮৬ শতাংশ কমে যায়। তার পরও প্রায় পৌনে পাঁচ লাখ লোক সে বছর কর্মের উদ্দেশ্যে অভিবাসন করেন। চুক্তিভিত্তিক অভিবাসন শেষ করে বা না করে এ বছর দেশে ফিরে এসেছেন ৪১ হাজার ২২০ জন কর্মী। এ বছরের দ্বিতীয়ার্ধে রেমিটেন্সের প্রবৃদ্ধি নেতিবাচক সূচকে চলে গেছে। ২০১০ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আগের বছরের তুলনায় রেমিটেন্স মাত্র ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রেমিটেন্স বৃদ্ধির হার কমে গেলে বাংলাদেশের মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন পিছিয়ে যাবে। অভিবাসীর খরচ বহন করার জন্য চারটি ব্যাংক ২০০৮-এর মাঝামাঝি থেকে ঋণদান কার্যক্রম হাতে নিয়েছিল। স্পষ্টই দেখা যাচ্ছে, অভিবাসন খরচ বহনের লক্ষ্যে সৃষ্ট ঋণ প্রকল্পগুলো ২০১০-এ তেমন এগোয়নি। এ বছরের ৭-৮ নভেম্বর জাতিসংঘের জিএফএমডির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। ১৬০টি প্রেরণকারী ও গ্রহণকারী দেশের সঙ্গে বাংলাদেশও এতে অংশগ্রহণ করে। গভীর বেদনার সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল সমাজ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সৃজনশীল কোনো আলোচনা বা কর্মপরিকল্পনা তৈরি না করে দায়সারাভাবে জিএফএমডিতে অংশগ্রহণ করেছে। ১৯৯৭ সাল থেকে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। অভিবাসীদের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরতে এ বছরের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান আয়োজনে সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও অভিবাসীদের আওয়াজ সেখানে উঠে আসতে পারেনি। আমরা আশা করছি, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরের হাতিয়ার হিসেবে সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী ২০ বছরের পারস্পেকটিভ প্ল্যানে অভিবাসনকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ৭০ হাজার কোটি টাকা যে সেক্টর থেকে বৈদেশিক আয়, সে সেক্টরের ব্যবস্থাপনায় সরকার আরও বেশি মনোযোগী হবে। অভিবাসীদের সালাম। তাসনিম সিদ্দিকী: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিবাসন বিশেষজ্ঞ