অভিযানে হেফাজতমুক্ত শাপলা চত্বর
পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বিত অভিযানের মুখে আজ সোমবার ভোররাতের দিকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকমুক্ত হয়েছে মতিঝিলের শাপলা চত্বর।গতকাল ভোররাত থেকে ঢাকা অবরোধ কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় হেফাজতের কর্মীরা ঢাকার মূল প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তাঁরা ঢাকা থেকে কোনো গাড়ি বেরোতে এবং বাইরে থেকে কোনো গাড়ি ঢাকায় ঢুকতে দেননি। ফলে কার্যত দেশের অন্যান্য জেলা থেকে ঢাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে।গতকাল বেলা ১১টা থেকেই মতিঝিল, পল্টনসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন হেফাজতের কর্মীরা। এসব সংঘর্ষে এক পরিবহন শ্রমিকসহ তিনজন নিহত হন। এমন অবস্থার মধ্যেই পুলিশ বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি দিলে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা সেখানে জড়ো হতে শুরু করেন। সমাবেশের জন্য বরাদ্দ সময় পেরিয়ে গেলেও তাঁরা সেখান থেকে না সরে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে চলতে থাকে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়াসহ সহিংস কর্মকাণ্ড।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে বারবার হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকদের ওই এলাকা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু হেফাজতের পক্ষ থেকে এই আহ্বানে সাড়া না দিয়ে জানিয়ে দেওয়া হয়, তাঁরা এখানেই অবস্থান করবেন।হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকদের মতিঝিলের শাপলা চত্বর থেকে সরাতে রাত আড়াইটায় সমন্বিত অভিযান শুরু হয়। আধা ঘণ্টার সাঁড়াশি অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মতিঝিল মূল সড়কের নিয়ন্ত্রণ নেয়। তবে তখনো হেফাজতের কর্মীদের একটা অংশ বিভিন্ন গলিতে ঢুকে অবস্থান নেয়। একপর্যায়ে কর্মীদের অনেককে বিভিন্ন স্থান থেকে বের করে এনে নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা পুরানা পল্টন, মতিঝিল, কাকরাইল ও টিকাটুলি মোড়ে তাঁদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ভোররাত সাড়ে চারটা-পাঁচটার দিকে পুরো এলাকার নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে যায়। নিয়ন্ত্রণ নেওয়ার পর এসব এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা গেছে। অভিযানের সময় প্রচুর গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও পিপার স্প্রে করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে তিন বাহিনীর প্রায় সাড়ে সাত হাজার সদস্য অংশ নেন। পুরানা পল্টন, নয়াপল্টন ও আরামবাগ দিয়ে অভিযান পরিচালনা করা হয়। আর ইত্তেফাকের মোড় দিয়ে যাত্রাবাড়ী সড়ক খোলা রাখা হয় হেফাজতের কর্মীদের চলে যাওয়ার জন্য। রাতে এসব এলাকায় সরকারি বিভিন্ন স্থাপনায় পুলিশ মোতায়েন করা হয়।