অভিযানের আদ্যোপান্ত সরাসরি দেখলেন ওবামা
প্রথম গুলিটি করা হলো বাঁ চোখে। মৃত্যু নিশ্চিত করতে দ্বিতীয় গুলিটি করা হলো বুকে। মাটিতে লুটিয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যার এই দৃশ্য কয়েক হাজার মাইল দূরে হোয়াইট হাউসে বসে সরাসরি দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তাঁর পাশে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। হোয়াইট হাউস থেকে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয় এবং প্রত্যক্ষ করার ওই ছবিও প্রকাশ করা হয়।হোয়াইট হাউস জানায়, ওই অভিযানে অংশ নেওয়া মার্কিন মেরিন সেনাদের হেলমেটে ভিডিও ক্যামেরা লাগানো ছিল। এতে ধারণ করা ভিডিওচিত্র স্যাটেলাইটের মাধ্যমে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ বসে টেলিভিশনের পর্দায় সরাসরি দেখেন ওবামাসহ কর্মকর্তারা।হোয়াইট হাউসের প্রকাশ করা ছবিতে দেখা যায়, হিলারি ক্লিনটন মুখে হাত চেপে প্রেসিডেন্টের পাশে বসে আছেন। প্রেসিডেন্ট সামনের দিকে কিছুটা ঝুঁকে রয়েছেন। সবার চোখে-মুখে তীব্র উদ্বেগ ও উত্তেজনার ছাপ।যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনবিষয়ক প্রধান উপদেষ্টা জন ব্রেনানও সেখানে ছিলেন। সে সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, এটা ছিল টান টান উত্তেজনার মুহূর্ত। প্রতি সেকেন্ডকে মনে হচ্ছিল একটা দিনের সমান। সবকিছু ঠিকমতো শেষ হওয়ায় পুরো কক্ষে স্বস্তি নেমে আসে। সবাই পরস্পরের সঙ্গে হাত মেলান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।মার্কিন কর্মকর্তারা জানান, গত রোববার রাতের ওই অভিযানে অংশ নেন ৪০ জন মার্কিন মেরিন সেনা। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে তাঁরা চারটি জঙ্গি হেলিকপ্টার নিয়ে প্রথমে যান পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারবেলা গাজি বিমান ঘাঁটিতে। সেখান থেকে হেলিকপ্টারেই তাঁরা অ্যাবোটাবাদে যান। তাঁদের প্রত্যেকের চোখে ছিল রাতে দেখা যায় এমন চশমা। হেলমেটে লাগানো ছিল ভিডিও ক্যামেরা, হাতে ছিল এম-ফোর কারবাইন রাইফেল। হেলিকপ্টারগুলো অ্যাবোটাবাদের ওই বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র বাড়ির ছাদ থেকে গুলি করেন নিরাপত্তাকর্মীরা। বাধ্য হয়ে হেলিকপ্টারগুলো সেখানেই অবতরণ করে। এর মধ্যে একটি কপ্টার বিধ্বস্ত হয়। একপর্যায়ে বাড়ির জানালা থেকে মেরিন সেনাদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করেন বিন লাদেন। এই গোলাগুলির সময়েই বাড়িতে ঢুকে পড়েন মার্কিন সেনারা, গুলি করে হত্যা করেন দুই নিরাপত্তাকর্মীকে। এরপর তাঁরা ঢোকেন লাদেনের কক্ষে। আত্মসমর্পণ করতে বললে তিনি অস্বীকৃতি জানান। তখন তাঁকে গুলি করেন সেনারা। দুটি গুলি বিদ্ধ হওয়ার পর লুটিয়ে পড়েন লাদেন। এরপর লাশ হেলিকপ্টারে তুলে আফগানিস্তানে ফিরে আসেন মার্কিন সেনারা। ৪০ মিনিটেই শেষ হয় অভিযান।মার্কিন কর্মকর্তারা জানান, অভিযানের সময় ওই বাড়িতে ১৬-১৭ জন ছিলেন। এঁদের মধ্যে লাদেনসহ চারজন নিহত হন। নিহত অন্য তিনজন হলেন লাদেনের ছেলে খালিদ, লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আবু আহমেদ এবং আবুর ভাই। এ ছাড়া মার্কিন বাহিনী একজনকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে। তাঁর এবং বাড়িতে থাকা অন্যদের পরিচয় জানা যায়নি। এমনকি অন্যদের ভাগ্যে কী ঘটেছে, তাও জানাননি মার্কিন কর্মকর্তারা। মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ওই সময় বাড়িটিতে বিন লাদেনের এক স্ত্রী ও মেয়েও ছিলেন। তবে কোনো কোনো সূত্র জানায়, অভিযানে লাদেনের স্ত্রীও নিহত হয়েছেন।ওবামার সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা জন ব্রেনান বলেন, ‘সর্বশেষ তথ্য হচ্ছে, বিন লাদেন পাঁচ-ছয় বছর ধরে অ্যাবোটাবাদের ওই বাড়িতে ছিলেন। বাড়ির বাইরের কারও সঙ্গে তাঁর কার্যত কোনো যোগাযোগ না থাকলেও তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন বলে আমরা ধারণা করছি।’ তিনি বলেন, ‘আমরা জানার চেষ্টা করছি ওই কয়েক বছর লাদেন সেখানে থেকে কী করেছেন এবং সেখান থেকে কী ধরনের তথ্য পেতে পারি, যা কাজে লাগিয়ে আল-কায়েদাকে ধ্বংস করার প্রচেষ্টা এগিয়ে নেওয়া যাবে।’অ্যাবোটাবাদের ওই বাড়ির আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা জানতেন বাড়িটিতে দুজন ক্ষুদ্র ব্যবসায়ী থাকেন। তাঁদের নাম আরশাদ খান ও তারিক খান। তবে বাড়ির নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ওই দুই ব্যবসায়ীকে মাঝেমধ্যে রাস্তায় দেখা যেত। আরশাদের বয়স ৪০ এবং তারিকের বয়স ৩৫-৩৬ বছরের মতো হবে। তবে অনেকে জানতেন, তাঁরা আপন ভাই নন।ওই এলাকার একটি হোটেলের বাবুর্চি জায়েদ জাদি বলেন, ‘আরশাদ ও তারিককে আমরা মাঝেমধ্যে রাস্তায় দেখতাম। তাঁরা একটি সুজুকি ক্যারি (ছোট ভ্যান) গাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে যেতেন। কখনো কখনো বাচ্চাদের নিয়ে রুটি কিনতেও আসতেন।’ওই বাড়িসংলগ্ন রাস্তার পাশের রুটির দোকানদার মোহাম্মদ আসিফ। তিনি জানান, সেদিন সন্ধ্যায় আরশাদ এসে তাঁর দোকান থেকে রুটি কিনে নিয়ে গেছেন। তাঁর ধারণা, রাতে লাদেনও ওই রুটি খেয়েছিলেন। তাঁর রুটি লাদেন খেয়েছেন—এটি ভেবে তিনি আনন্দিত। আসিফ বলেন, ‘আমি সত্যিই খুশি, কেননা লাদেন ছিলেন সত্যিকারের নায়ক, যিনি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছেন।’বাড়িটির নিরাপত্তার বিষয়ে স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ জান বলেন, ‘আমরা ভাবতাম আরশাদ বড় ব্যবসায়ী। তাঁর হয়তো ব্যবসায়িক ও পারিবারিক কোনো শত্রু আছে। এ জন্যই এত নিরাপত্তা।’স্থানীয় লোকজন জানান, আরশাদ ও তাঁর পরিবার চার বছর আগে ওই বাড়িতে বসবাস শুরু করে। আবদুল্লাহ জান বলেন, ‘আমরা জানতাম তিনি পাকিস্তানি পশতুন। কিন্তু এখন আমার মনে হচ্ছে, সত্যি তো, তিনি যদি পশতুন হবেন, তাহলে তিনি এত ফরসা কেন। পশতুনরা তো এমন হয় না। তা ছাড়া তাঁরা দুই ভাই মাঝেমধ্যে আরবদের মতো করে দাড়ি ছাঁটতেন।’ এএফপি, রয়টার্স, বিবিসি।