অভিযানের দায়িত্ব ন্যাটোর হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে লিবিয়ায় সামরিক অভিযানের দায়িত্ব নিয়েছে। এ ছাড়া লিবিয়ার বিরোধীদের অস্ত্র সরবরাহের বিষয়ে তোড়জোড় চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। তবে এ নিয়ে তারা একমত হতে পারছে না। এই অবস্থার মধ্যে গাদ্দাফির ওপর বড় আঘাতটা হেনেছেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা। তিনি পদত্যাগ করে ব্রিটেনে চলে গেছেন।অভিযানের দায়িত্ব ন্যাটোর হাতে: ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন গতকাল জানান, ২৮ দেশের জোট ন্যাটো আনুষ্ঠানিকভাবে লিবিয়া অভিযানের দায়িত্ব নিয়েছে। আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ন্যাটো এই দায়িত্ব নিয়েছে।রাসমুসেন বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ১৯৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী লিবিয়ার বেসামরিক লোকজনকে রক্ষার লক্ষ্যে ‘অপারেশন ইউনিফাইড প্রটেক্টর’ পরিচালনা করবে ন্যাটো।’ন্যাটো জানিয়েছে, লিবিয়ায় অভিযানের জন্য সদস্য দেশগুলোর বিমান ও সামরিক সম্পদ গত বুধবার থেকে ন্যাটোর হাতে তুলে দেওয়া শুরু হয় এবং বৃহস্পতিবার সকালের মধ্যে তা সম্পন্ন হয়।বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ: গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের বিষয়টি এখনই নাকচ করে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।ওবামার মতো ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও অস্ত্র সরবরাহের বিষয়টি নাকচ করে দেননি। গত বুধবার তিনি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বলেছেন, ‘অস্ত্র সরবরাহের বিষয়টি আমরা নাকচ করে দিচ্ছি না, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পরিকল্পনা তাদের নেই। কেননা, তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের পরিপন্থী হবে।ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জেরা লঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের সহযোগিতার বিষয়টি তাঁদের পরিকল্পনায় নেই। কারণ, এ অধিকার জাতিসংঘের ১৯৭৩ নম্বর প্রস্তাবে দেওয়া হয়নি।ন্যাটো মহাসচিব রাসমুসেনও লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘আমরা লিবিয়ার মানুষকে রক্ষা করতে সেখানে অভিযান চালাচ্ছি, বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দিতে নয়।’নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সমন্বয় করে বিমান হামলা চালানোর জন্য গোয়েন্দাদের লিবিয়ায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। এ ছাড়া লিবিয়ায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সদস্যদের গোপন অভিযানে প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মতি দিয়েছেন বলে যে খবর পাওয়া গেছে সে বিষয়েও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ: যুদ্ধের এই পরিস্থিতিতে গাদ্দাফির ওপর বড় আঘাতটা হেনেছেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা। পদত্যাগ করে তিনি ব্রিটেনে চলে গেছেন। লিবিয়া সরকার তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গতকাল বলেছে, গাদ্দাফির জন্য এমন লোকের দরকার নেই, তো তিনি যত বড়ই হন।ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মুসা কুসা বুধবার লন্ডনের পশ্চিমে অবস্থিত ফার্নবোরো বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি তিউনিসিয়া থেকে এসেছেন। বিবৃতিতে বলা হয়, ‘কুসা নিজের ইচ্ছাতেই ব্রিটেনে এসেছেন। তিনি পদত্যাগ করেছেন বলে আমাদের জানিয়েছেন।’ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল জানান, মুসা কুসাকে ব্রিটেন বা আন্তর্জাতিক বিচার ব্যবস্থা থেকে কোনো রকম অব্যাহতি দেওয়া হবে না। ব্রিটিশ কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।কুসার পদত্যাগকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ‘এই পদত্যাগ খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে বোঝাই যাচ্ছে সহযোগীরা গাদ্দাফিকে ছেড়ে আসছেন।গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহে যোগ দেওয়া সাবেক অভিবাসনমন্ত্রী আলী এরিশি ফ্রান্স টোয়েন্টিফোর টেলিভিশনকে বলেন, ‘কুসার পদত্যাগ থেকে বোঝাই যাচ্ছে গাদ্দাফির সময় ঘনিয়ে আসছে। কেননা, তিনি ছিলেন গাদ্দাফির অন্যতম বিশ্বাসভাজন ব্যক্তি। এখন অন্যরাও তাঁর পাশ থেকে সরে পড়বেন। গাদ্দাফি নিঃসঙ্গ হয়ে পড়বেন।’জাতিসংঘে লিবিয়ার সাবেক উপরাষ্ট্রদূত ইব্রাহিম দাব্বাসি বলেছেন, ‘মুসা কুসার সরে দাঁড়ানোর গুরুত্ব অনেক। কেননা, তিনি গাদ্দাফির ভেতরের খবর সব জানেন। গাদ্দাফি কীভাবে কাজ করছেন, কী পরিকল্পনা করছেন সব তাঁর জানা। এ ছাড়া তাঁর কাছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’যুদ্ধ পরিস্থিতি: লিবিয়ার বিদ্রোহীদের জন্য গত বুধবারের দিনটি ছিল হতাশার। গাদ্দাফি বাহিনীর বেপরোয়া হামলার মুখে তারা তেলবন্দর রাস লানুফ ছেড়ে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব পর্যন্ত পিছু হটে আসতে বাধ্য হয়। বিদ্রোহীদের অবস্থান গতকাল ছিল ব্রেগার ২০ কিলোমিটার পূর্ব পর্যন্ত। ব্রেগা ও আজদাবিয়া শহরের মধ্যবর্তী এলাকায় গতকাল দুই পক্ষে তুমুল লড়াই হয়। আজদাবিয়া শহর গতকাল পর্যন্ত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। ব্রেগা থেকে এএফপির এক সাংবাদিক জানান, গাদ্দাফি বাহিনীর ছোট ছোট দল ব্রেগাতেও ঢুকে পড়েছে। সাঁজোয়া যানে করে রাস্তা দিয়ে যেতে যেতে তারা সাধারণ লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। ব্রেগার পার্শ্ববর্তী এলাকায় পাঁচটি বিমান হামলার শব্দও পান ওই সাংবাদিক। তবে কাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।বিদ্রোহীরা গতকাল ব্রেগার পাশে জড়ো হয়ে পশ্চিমা বাহিনীর বিমান হামলার অপেক্ষায় ছিল। মুনায়েম মুস্তাফা নামের এক বিদ্রোহী যোদ্ধা বলেন, ‘আল্লাহ সহায় হলে আজ আরও বিমান হামলা হতে পারে। তার পরও আমরা বিমান হামলার অপেক্ষায় বসে থাকব না। সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব।’বিদ্রোহী যোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন আওয়াদ আলুরফি জানান, ব্রেগাতে যুদ্ধে কমপক্ষে ৮০০ বিদ্রোহী যোদ্ধা মারা গেছেন।পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাতা শহরেও গতকাল লড়াই চলে। গাদ্দাফি বাহিনী গতকাল সেখানে ব্যাপক হামলা চালায়।ব্রিটিশ কর্মকর্তারা জানান, তাঁদের টর্নেডো জঙ্গিবিমান গতকাল মিসরাতা শহরে হামলা চালিয়ে গাদ্দাফি বাহিনীর ট্যাংক, সাঁজোয়া যান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।এদিকে, ত্রিপোলিতে পশ্চিমা বাহিনীর বিমান হামলায় ৪০ বেসামরিক ব্যক্তি মারা গেছে বলে জানিয়েছে একটি বার্তা সংস্থা।ত্রিপোলির যাজক জিওভান্নি ইন্নোসেনজো মারতিনেলি ভ্যাটিকানের বার্তা সংস্থা ফিদেসকে বলেন, ‘বেসামরিক মানুষজনকে রক্ষার নামে পশ্চিমা বাহিনী লিবিয়ায় যে হামলা চালাচ্ছে, তাতে অনেক বেসামরিক মানুষ হতাহত হচ্ছে। ত্রিপোলির বিভিন্ন এলাকায় ৪০ জন নিহত হয়েছে বলে আমি জানতে পেরেছি। ধ্বংস হয়েছে অনেক ঘরবাড়ি।’ এএফপি, রয়টার্স, বিবিসি।