গাদ্দাফিকে তেলের অর্থ না দেওয়ার আহ্বান
অভিযানের নেতৃত্ব নয়, ন্যাটো কার্যকর করবে নো ফ্লাই জোন
লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের দায়িত্ব নিচ্ছে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো। তবে তারা লিবিয়ায় অভিযানের সার্বিক নেতৃত্ব নিতে রাজি নয়। এদিকে, টানা ষষ্ঠ দিনের মতো গত বৃহস্পতিবার রাতেও লিবিয়ার বিভিন্ন শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিমা বাহিনী। নো ফ্লাই জোন লঙ্ঘন করায় লিবিয়ার একটি প্রশিক্ষণ বিমান ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করা হয়েছে।পশ্চিমা বাহিনীর হামলার মধ্যেও বৃহস্পতিবার রাতে ট্যাংক নিয়ে মিসরাতা শহরে ঢুকে পড়ে গাদ্দাফি বাহিনী। গাদ্দাফি বাহিনী মিসরাতা শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় পশ্চিমারা এখন মনে করছে, গাদ্দাফিকে যুদ্ধবিরতিতে বাধ্য করা সহজ হবে না। এ অবস্থায় লিবিয়ার তেল ও গ্যাসের অর্থ গাদ্দাফির হাতে না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স জানান, ব্রিটিশ টর্নেডো জঙ্গি বিমান বৃহস্পতিবার রাতে লিবিয়ার আজদাবিয়া শহরে গাদ্দাফি বাহিনীর সামরিক বহর লক্ষ্য করে হামলা চালায়।জাতিসংঘ মহাসচিব বান কি মুন নিরাপত্তা পরিষদে জানিয়েছেন, গাদ্দাফি সরকার জাতিংঘের ১৯৭৩ নম্বর প্রস্তাব মানছে না। প্রস্তাব অনুযায়ী অস্ত্রবিরতি না মানলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে গাদ্দাফিকে সতর্ক করে দিয়েছেন লিবিয়ায় মুনের বিশেষ প্রতিনিধি।তবে লিবিয়া সরকার জানিয়েছে, তারা সামরিক অভিযান চালাচ্ছে না। কেবল আক্রান্ত হলেই তা প্রতিহত করতে পাল্টা ব্যবস্থা নিচ্ছে।লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল জানায়, বৃহস্পতিবার রাতে ত্রিপোলিতে সামরিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায় পশ্চিমা বাহিনী। এ সময় তারা পাল্টা বিমানবিধ্বংসী গোলা ছোড়ে।লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, আজদাবিয়া শহরে তাদের সামরিক বহর লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে ব্রিটিশ টর্নেডো জঙ্গি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।এদিকে, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকর করার দায়িত্ব নিতে বৃহস্পতিবার রাতে রাজি হয়েছে ন্যাটো। ন্যাটোর মহাসচিব অ্যান্দ্রেস ফগ রাসমুসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘ন্যাটো সব সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। নো ফ্লাই জোন আরোপের দায়িত্বও সদস্য ২৮টি দেশের সম্মতিতে নেওয়া হয়েছে।’ ন্যাটোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, লিবিয়ায় ইতিমধ্যে কার্যকর অস্ত্র নিষেধাজ্ঞার পাশাপাশি সেখানে নো ফ্লাই জোন কার্যকর করার দায়িত্ব নিতে ন্যাটোর সম্মতি একটি বড় অগ্রগতি।ন্যাটোর কর্মকর্তারা জানিয়েছেন, নো ফ্লাই জোন আরোপের দায়িত্বের পাশাপাশি সামরিক অভিযানের সার্বিক দায়িত্ব ন্যাটো নেবে কি না, সে বিষয়ে কাল রোববার একটি সিদ্ধান্ত হতে পারে।লিবিয়ায় হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র চাইছে অভিযানের নেতৃত্ব অন্য কারও কাছে হস্তান্তর করতে। এ ক্ষেত্রে তারা আশা করছে, ন্যাটোই দায়িত্ব নেবে। কিন্তু এতে বাদ সাধছে ফ্রান্স। প্যারিস বলছে, ন্যাটো শুধু সামরিক দায়িত্ব নিতে পারে। রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আরব দেশসহ ন্যাটোর সদস্যরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে। ন্যাটো রাজনৈতিক নেতৃত্ব নিলে এই অভিযানের পেছনে আরব দেশগুলোর সমর্থন পাওয়া কঠিন হবে। কেননা আরব বিশ্বে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব চাঙা।সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকর করতে তারা ১২টি বিমান পাঠাবে। পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, ‘নো ফ্লাই জোন কার্যকরের জন্য টহল দিতে ইউএই বিমানবাহিনী ছয়টি এফ-১৬ এবং ছয়টি মিরেজ বিমান পাঠাবে।’ ইউএই ইতিমধ্যে দুটি জঙ্গি বিমান ও দুটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে।এদিকে, লিবিয়া সরকারের ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে উগান্ডায় লিবিয়ার প্রায় ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার জব্দ করা হচ্ছে। উগান্ডার জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী ওকেল্লো ওরিয়েম সে দেশের পার্লামেন্টে এ কথা জানিয়েছেন।বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলন থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ধরনের প্রস্তাব উত্থাপন করবে সদস্যদেশ।’ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, তেল বিক্রির অর্থ গাদ্দাফির হাতে যাতে না পৌঁছায়, সে ব্যবস্থা করা খুবই জরুরি। তাহলে গাদ্দাফি আর তাঁর ভাড়াটে খুনিদের বেতন দিতে পারবেন না।