অভিযানের ভয়ে রাস্তায় নামছে না পুরোনো ট্রাক
২০ বছরের পুরোনো বাস ও ২৫ বছরের বেশি পুরোনো ট্রাকগুলো রাস্তা থেকে সরিয়ে ডাম্পিং গ্রাউন্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অভিযানের ভয়ে গতকাল শুক্রবার ঢাকার বেশির ভাগ ট্রাক টার্মিনাল থেকে বের হয়নি।এ অভিযান বন্ধের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার রাতে গাবতলীতে দীর্ঘসময় সড়ক অবরোধ ও ভাঙচুর চালান শ্রমিক-মালিকেরা। ১৪ জুলাই ট্রাক-শ্রমিক মালিকদের আটটি সংগঠনের জোট সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ট্রাক চলাচলের সময়সীমা যথেষ্ট নয় বলেও মত দিয়েছেন তাঁরা।ট্রাকমালিক ও শ্রমিকেরা জানান, বর্তমানে ঢাকায় প্রায় সাড়ে ১৩ হাজার বেডফোর্ড ট্রাক চলাচল করছে। ইংল্যান্ডের বেডফোর্ড কোম্পানির তৈরি এ ট্রাকগুলোর সবই ২৫ বছরেরও বেশি পুরোনো। তাই অভিযানের ভয়ে কোনো ট্রাক বের হচ্ছে না।ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মাহাবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ২৫ বছরের পুরোনো বললেও এই বেডফোর্ড ট্রাকগুলো রাস্তায় চলাচলকারী ভারতীয় ব্র্যান্ডের ট্রাকগুলোর চেয়ে অনেক কম পরিবেশ দূষণ করে। দেশের বাজারে নিম্নমানের ভারতীয় ট্রাক বেচতে কয়েকটি কোম্পানি এসব চক্রান্ত করছে।ট্রাকমালিকদের দাবি, পুরোনো বেডফোর্ড ট্রাকগুলোর খুচরো যন্ত্রাংশ সহজলভ্য। এই ট্রাকগুলোর সঙ্গে জড়িয়ে আছে অন্তত এক লাখ মানুষের জীবিকা। কাজেই পুরোনো বলেই ‘আনফিট’ আখ্যা না দিয়ে গাড়িগুলো পরীক্ষা করে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ ছাড়া পুরোনো অনেক ট্রাক জোট সরকারের আমলে বিপুল টাকার বিনিময়ে নতুন নম্বর নিয়ে চলছে। কাজেই এ ট্রাকগুলো চললে বাকিগুলোকেও চলতে দেওয়া উচিত।ট্রাক চলাচলের সময়সূচি সম্পর্কে ট্রাকমালিকদের দাবি, রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টায় একটা ট্রাক ঢাকায় ঢুকে কখন মাল তুলবে আর কখন মাল খালাস করবে। কাজেই সময় বাড়ানো দরকার।