অভিযুক্ত ও তদন্ত কমিটির সদস্যরা এক মানববন্ধনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত দুটি কমিটির সাফল্য ও নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। হামলার জন্য অভিযুক্ত কয়েকজন ছাত্রলীগ নেতা, বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা এবং তদন্ত কমিটির প্রধানসহ সদস্যরা গত রোববার একই মানববন্ধনে যোগ দেওয়ায় এ সংশয় সৃষ্টি হয়েছে।কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯ অক্টোবর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। এ সময় খোদ প্রক্টর ঘুষি মারেন এক ছাত্রীকে। কিন্তু ছাত্রফ্রন্টকেই ঘটনার জন্য দায়ী করে ছাত্রলীগ ও শিক্ষক সমিতি। তারা প্রক্টরের ঘুষি মারার বিষয়টিও অস্বীকার করছে। তাদের দাবিকে জোরালো করতে গত রোববার শিক্ষক সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে যোগ দেন ঘটনা তদন্তে গঠিত দুটি কমিটির প্রধান এবং তিন সদস্য। আরও অংশ নেন ছাত্রীকে ঘুষি মারা প্রক্টর আবদুস সালাম ও কর্মকর্তা মাশাদুল হাসান ওরফে আকিক, ছাত্রফ্রন্টের করা মামলার আসামি বজলু নামের আরেক কর্মকর্তা, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, সহসভাপতি পারভেজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রায়হান, নেতা কবীর, ফজলুল হক হলের সাধারণ সম্পাদক মেহেদী, ফজলুল হক হলের সভাপতি সবুজ। মানববন্ধনে দেওয়া বক্তব্যে ছাত্রলীগ নেতারা ছাত্রফ্রন্টের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে সংগঠনটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।ময়মনসিংহে অবস্থিত দেশের প্রধান কৃষিবিষয়ক উচ্চ শিক্ষায়তনটিতে বর্ধিত ফি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ৯ অক্টোবর এ দাবিতে তারা মিছিল বের করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা চড়াও হন। একটি টিভি চ্যানেলের তোলা ভিডিওচিত্রে দেখা যায়, ছাত্রফ্রন্টের কর্মসূচিতে আসা হলুদ জামা পরা এক ছাত্রীকে ঘুষি মারেন সাদা শার্ট পরা বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মাশাদুল হাসান ওরফে আকিক। এরপর ওই ছাত্রীকেই ঘুষি মারেন সবুজ টি-শার্ট পরিহিত প্রক্টর আবদুস সালাম। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রায়হানকে ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেঁজুতি চৌধুরীর চুল ধরে টানতে দেখা যায়। ফজলুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি একটি ছাতা হাতে লাফিয়ে লাফিয়ে ছাত্রফ্রন্টের মেয়েদের মারছিলেন। ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রায়হান একসময় শার্ট খুলে কোমরে বেঁধে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের পেটাতে থাকেন।হলুদ টি-শার্ট পরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর, নীল টি-শার্ট পরা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি পারভেজ ও সাদা গেঞ্জি পরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা টিটুসহ আরও কয়েকজনকে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের কিলঘুষি মারতে দেখা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী এ প্রতিবেদককে বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রফ্রন্টের দুই নারী কর্মীকে ঘিরে ধরে মারধর করেন। এ হামলার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও ক্ষোভ প্রকাশ করে। ছাত্রফ্রন্টই হামলাকারী বলে অভিমত দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক সমিতিও ছাত্রফ্রন্টের কর্মীদের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালানোর অভিযোগ তোলে। সমিতির দাবি, গণমাধ্যম ‘অতিরঞ্জিত তথ্য’ প্রকাশ করেছে। এ বিষয়ে ছাত্রফ্রন্ট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেঁজুতি চৌধুরী বলেন, ‘ছাত্রীকে প্রক্টরের ঘুষি মারার অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রথম প্রধান প্রক্টরের পক্ষে একপেশে মন্তব্য করায় তাঁকে সরে যেতে হয়েছে। দুই তদন্ত কমিটির প্রধান শিক্ষক সমিতির মানববন্ধনে যোগ দিয়েছেন। সে মানববন্ধন থেকে হামলার জন্য উল্টো ছাত্রফ্রন্টকেই দায়ী করা হয়েছে। এসব কারণে আমরা তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারছি না। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই’।বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও সন্দেহ প্রকাশ করেন। তবে তাঁরা প্রকাশ্যে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।মানববন্ধনে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান মো. আলী আকবর বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি ওই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। এর ফলে তদন্তকাজে কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। শিক্ষক সমিতির সভাপতি ও ঘুষি মারা বিষয়ে তদন্ত কমিটির সাবেক প্রধান আবদুর রহমান সরকার এ বিষয়ে বলেন, ‘তাঁরাও শিক্ষক। তাঁরা মানববন্ধনে আসতেই পারেন। তবে এতে তদন্ত প্রভাবিত হবে না বলে আমি আশা করি।’