অভিযুক্ত কর্মকর্তার ওপর দুর্নীতির তদন্তভার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামমোহন নাথের কাজের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ জজ আদালত। একাধিক ভুক্তভোগীও তাঁর বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করেছেন। এখন তাঁকেই পুরোনো মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের বিশেষ জজ আদালত কোনো অভিযোগ করলে তাৎ ক্ষণিক ওই কর্মকর্তাকে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর সব সরকারি সুযোগ-সুবিধা স্থগিত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনগত প্রক্রিয়া শুরু করার কথা। কিন্তু রামমোহন নাথের ক্ষেত্রে হয়েছে উল্টো।এ ব্যাপারে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছু অভিযোগ পেয়েছি। কমিশনের এক পরিচালক তা যাচাই করছেন। যাচাই শেষ না হলে কিছু বলা যাবে না। তবে আমার জানামতে, কোনোটাই তেমন “সিরিয়াস” অভিযোগ নয়।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন সময় নানা কৌশলে অনুসন্ধান প্রভাবিত করা, ভয় দেখিয়ে টাকা নেওয়া, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগপত্রসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে রামমোহন নাথের বিরুদ্ধে। তাঁর কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রতিবেদন ইতিমধ্যে স্বরাষ্ট্রসচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে। ফলে সরকারি কার্যক্রমের বিধি অনুসরণ না করায় দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও প্রশ্ন তুলেছে সরকারের উচ্চ মহল।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রামমোহন নাথ কথা বলতে অস্বীকৃতি জানান।বিশেষ জজ আদালতের রায়: গত বছরের ১৫ মার্চ বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতে বিভাগীয় বিশেষ জজ কে এম জুলফিকার আলী একটি মামলার (১১/২০০৯) রায় দেন। রায়ে দুদকের কর্মকর্তা রামমোহন নাথ সম্পর্কে বলা হয়, ‘তদন্তকালে যথাসময়ে ও যথাযথভাবে সাক্ষীদের জবানবন্দী ফৌজদারি কার্যবিধি আইনের ১৬১ ধারার বিধানমতে রেকর্ড না করে, দীর্ঘদিন পরে কু-উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা চার্জশীট দাখিল করেছেন।’ রায়ের একাংশে রামমোহন নাথের দায়িত্ব ও সততা নিয়ে প্রশ্ন তোলা হয়। আদালতে রামমোহন নাথের জমা দেওয়া অভিযোগপত্রের একেক জায়গায় একেক ধরনের বক্তব্য রয়েছে। এ ধরনের তথ্যবিভ্রাট ইচ্ছাকৃত উল্লেখ করে রায়ে বলা হয়েছে, ‘৩০ লাখ টাকা আত্মসাতের বিষয়ে চার্জশীটের একেক অংশে একেক ধরনের তথ্য রয়েছে, যা সম্পূর্ণ পরস্পরবিরোধী ও সন্দেহজনক। যা পি.ডব্লিউ ১৬ রামমোহন নাথের দায়িত্ব ও কর্মকাণ্ডের সততার বিষয়ে প্রশ্ন জাগ্রত করে।...রামমোহন নাথের দায়িত্বের ও কর্মের সততা সম্পর্কিত বিষয়টি সরাসরি প্রশ্নবিদ্ধ হয়, তাহার দাখিলী চার্জশীটের যথার্থতা ও সঠিকতার বিষয়টিও প্রশ্নাধীন হয়।’বরিশালের কোতোয়ালি থানার ৭ নম্বর মামলা, তাং ২-৩-০৭, জিআর ১৫৫/০৭-এ মশিউল আলম মল্লিক ওরফে ফেরদৌস মল্লিক, কর্নেল জওহর উদ্দিন আহম্মদ, এ বি এম মফিজুর রহমান, ডা. আহাম্মেদ কবিরকে আসামি করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি ও অবৈধ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নয় লাখ টাকা আত্মসাতের ঘটনায় ওই অভিযোগপত্র দাখিল করেছিলেন দুদকের কর্মকর্তা রামমোহন নাথ।দুদক সূত্র জানায়, বিভিন্ন স্থান থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বর্তমানে রামমোহন নাথের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চালু করেছে কমিশন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সময় রামমোহন নাথ ছিলেন পরিদর্শক। ২০০৮ সালে তিনি দুদকে সহকারী পরিচালক পদে যোগ দেন। ২০০৯-এর অক্টোবরে পদোন্নতি পেয়ে উপপরিচালক হন। বর্তমানে তিনি দুদক প্রধান কার্যালয়ের অনিষ্পন্ন অনুবিভাগে কর্মরত আছেন। এ বিভাগের অধীন দুর্নীতি দমন ব্যুরোর (২০০৪-০৮) আমলের পুরোনো (অনিষ্পন্ন) মামলার অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন তিনি। দুদক সূত্রমতে, নিয়মিত দাপ্তরিক কাজের অংশ হিসেবে তিনি পুরোনো মামলার অনুসন্ধানের কাজ করছেন।