অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে শুধুই বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক জামাল উদ্দীন খুনের সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। স্বাভাবিক নিয়মে গতকাল শুক্রবার তাঁদের বদলি করা হয়েছে। যশোরের পুলিশ কর্মকর্তারা অভিযুক্ত দুই পুলিশ সদস্যের পক্ষ নিয়ে গতকালও কথা বলেছেন।তবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার গত রাতে প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় পুলিশ সদস্য জড়িত থাকা নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাপারে তদন্ত করার জন্য খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি খুনের মামলার তদন্তও অব্যাহত থাকবে।জেলা পুলিশ সূত্র জানায়, খুনের ঘটনায় অভিযুক্ত যশোরের শার্শা উপজেলার গৌরপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানকে বৃহস্পতিবার রাতে মনিরামপুর থানায় বদলি করা হয়েছে। অপর অভিযুক্ত কনস্টেবল শহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। নির্দেশ পাওয়ার পর শুক্রবার সকালে এএসআই মাসুদ ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর করেন। জানতে চাইলে যশোরের পুলিশ সুপার কামরুল আহসান বলেন, দুই পুলিশ সদস্যকে নিয়মিত বদলির আদেশ দেওয়া হয়েছে। খুনের ঘটনায় পুলিশ সদস্যের জড়িত থাকার ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, অবশ্যই এ ঘটনা তদন্ত করা হবে। তবে এখনো তদন্ত শুরু হয়নি। তিনি বলেন, ‘সাংবাদিক জামাল খুনের সঙ্গে পুলিশ জড়িত থাকার ব্যাপারে আমাদের হাতে কোনো তথ্যপ্রমাণ নেই। যা আছে তা র‌্যাবের কাছে। আমরা এ নিয়ে অন্ধকারে আছি।’ অভিযুক্ত এএসআই মাসুদের মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কনস্টেবল শহিদুল ইসলামও ফোন ধরেননি।এদিকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের সাংবাদিকেরা। দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তথ্যপ্রমাণ দিয়ে প্রতিবেদন প্রকাশের পরও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাংবাদিকদের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিস্থিতি এ রকম হলে সাহসী সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বলেন, দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মামলা তদন্তের ক্ষেত্রে সরকার ও প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে গতকাল প্রথম আলোতে দুটি সংবাদ প্রকাশিত হয়। জামাল যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজ পত্রিকার শার্শা উপজেলার কাশিপুর প্রতিনিধির দায়িত্ব পালন করতেন। গত ১৫ জুন রাতে তিনি খুন হন।