অভিযুক্ত পরিমল ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মুখ্য মহানগর হাকিম শামীমা পারভীন এ রিমান্ড মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহদাত হোসেন অভিযুক্ত পরিমলকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন। গতকাল বুধবার সকালে গোয়েন্দা পুলিশ কেরানীগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে পরিমলকে গ্রেপ্তার করে। পরে রাতে তাঁকে বাড্ডা থানায় সোর্পদ করা হয়। গ্রেপ্তারের পর পরিমলকে গতকাল গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে তিনি কোনো কথা বলেননি।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার পরিমলের বিরুদ্ধে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা হয়। তবে তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনা জানাজানি হওয়ার পর পরিমল বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। গত মঙ্গলবার রাতে তাঁরা জানতে পারেন, পরিমল কেরানীগঞ্জে অবস্থান করছেন। ওই খবরের ভিত্তিতে পুলিশ এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।ছাত্রীর লিখিত বক্তব্য: কলেজ পরিচালনা পরিষদের সভাপতির কাছে দেওয়া বক্তব্যে ছাত্রীটি জানায়, গত মে মাস থেকে সে পরিমলের কোচিং সেন্টারে যাওয়া শুরু করে। স্কুলের কাছেই পরিমল জয়ধর, বাবুল কুমার কর্মকার, বিষ্ণুপদ বারুই, বরুণচন্দ্র বর্মণ ও বিশ্বজিত্ চন্দ্র মজুমদার বাসা ভাড়া নিয়ে কোচিং করাতেন। ঘটনার দিন ছাত্রীটি কিছু সময় পরে কোচিংয়ে গিয়েছিল। এই অজুহাতে শিক্ষক সবার পড়া শেষে ছাত্রীটিকে অপেক্ষা করতে বলেন। বিলম্বে আসায় ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর অন্যদের চলে যেতে বলেন।ছাত্রীটি জানায়, পরিমল একপর্যায়ে দরজা বন্ধ করে দেন। কিছু বোঝার আগেই মুখ বেঁধে ফেলেন। হাত ছোড়াছুড়ি করলে ওড়না দিয়ে দুই হাত বেঁধে ফেলেন। পরে গায়ের জামাকাপড় খুলে ছবি তোলেন। এরপর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এসব ঘটনা কাউকে জানানো হলে নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। গত ১৭ জুন ওই শিক্ষক একই কাজ করেন। উপায় না দেখে ছাত্রীটি ১৯ জুন বিষয়টি তার সহপাঠীদের জানায়। ২১ জুন শাখাপ্রধান লুত্ফর রহমানকে ঘটনাটি জানায় ওই ছাত্রী। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। এর পরও পরিমল জয়ধর স্কুলে পড়াতে এলে ২৮ জুন দশম শ্রেণীর সব ছাত্রী লিখিতভাবে বিষয়টি অধ্যক্ষকে জানায়। এর মধ্যেই ঘটনাটি স্কুলে জানাজানি হয়ে গেলে ছাত্রীর পরিবার বিপাকে পড়ে যায়।