অভিযুক্ত সব আসামি জামিনে মুক্ত
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় অভিযুক্ত আসামি আশরাফুল ইসলাম সরকার জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে তাঁর জামিনের আবেদন করেন। দুপুর দুইটায় বিচারিক হাকিম মোহাম্মদ শাহজাহান তাঁর জামিন মঞ্জুর করেন। মামলার ১২ নম্বর আসামি আশরাফ সরকার নরসিংদী শহর যুবলীগের সভাপতি আবদুল মতিন সরকারের ছোট ভাই। সাবেক পৌর চেয়ারম্যান আবদুল মতিন লোকমান হত্যা মামলার দুই নম্বর আসামি। লোকমান হত্যার অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের মধ্যে আশরাফ ছাড়া বাকি সবাই আগেই জামিনে মুক্ত হয়েছেন।আদালত সূত্র জানায়, আসামি আশরাফ সরকারের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানসহ কয়েকজন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আবেদনে তাঁরা বলেন, পুলিশের অভিযোগপত্রে হত্যার পরিকল্পনাকারী হিসেবে আশরাফুল ইসলাম সরকারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তদন্তের পর হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আশরাফ সরকার হত্যার পরিল্পনার বিষয়টি জানতেন। কিন্তু তিনি সরাসরি পরিকল্পনার কোনো বৈঠকে উপস্থিত ছিলেন না। তাই তাঁকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। বিচারক মোহাম্মদ শাহজাহান দুপুর আড়াইটার দিকে আশরাফ সরকারের জামিন মঞ্জুর করেন।তবে বাদীপক্ষের আইনজীবী আসাদ আলী অভিযোগ করেন, তাঁদের যুক্তিসংগত বক্তব্য তুলে ধরার কোনো সুযোগ দেওয়া হয়নি।মামলার বাদী ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের তদন্তে আশরাফ সরকারের সংশ্লিষ্টতার প্রমাণ আছে। হত্যার পরিকল্পনায় ও আর্থিক সহায়তা প্রদানে জড়িত থাকার কথা তিনি নিজেও স্বীকার করেছেন। এর পরও কীভাবে তাঁর জামিন হলো, তা বোধগম্য নয়।গত বছরের ১ নভেম্বর লোকমান হোসেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুজ্জামান টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ২৪ জুন এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন ওরফে মোবা, নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবে সহসভাপতি ও মামলার দুই নম্বর আসামি আবদুল মতিন সরকার, মতিন সরকারের ছোট ভাই শহর যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সরকার ওরফে আশরাফ সরকারসহ ১২ জনকে অভিযুক্ত করে লোকমান হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল। অভিযুক্ত আসামিরা হলেন, শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাহারভুক্ত তিন নম্বর আসামি মোবারক হোসেন ওরফে মোবা, নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মামলার দুই নম্বর আসামি আবদুল মতিন সরকার, মতিন সরকারের ছোট ভাই আশরাফুল ইসলাম সরকার ওরফে আশরাফ সরকার, নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ, হাজি সেলিম, আওলাদ হোসেন, সরোয়ার হোসেন, ইশু সরকার, হিরু ওরফে নাজমুল হাসান, হাজি ফারুক, মাহফুজুর রহমান ওরফে সবুজ ও শাহীন মিয়া।