অভিযুক্তকে ধরতে গিয়ে এসিডদগ্ধ তিন পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে গিয়ে এসিড হামলার শিকার হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। গতকাল রোববার রাতে যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।এসিডের শিকার পুলিশ কর্মকর্তারা হলেন যশোর কোতোয়ালি থানার দুই উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, তোফায়েল আহমেদ ও কনস্টেবল আলিমুজ্জামান।পুলিশ জানায়, যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার দুই নম্বর কলোনির জামে মসজিদে বিভিন্ন দেশ থেকে তাবলিগ জামাতের লোকজন এসেছিলেন। এঁদের মধ্যে দুজনকে তৈবুর কবীর নামের এক ব্যক্তি লাঞ্ছিত করেন। এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তৈবুর বাংলালিংকের টাওয়ারের নিচে একটি কক্ষে আশ্রয় নেন। সেখানে পুলিশ তাঁকে ধরতে গেলে তিনি ওই তিন পুলিশ কর্মকর্তাকে কনটেইনারে থাকা এসিড ছুড়ে মারেন। এতে তাঁদের মুখমণ্ডল ঝলসে যায়। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। যশোর জেলার সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) আনিসুর রহমান প্রথম আলো অনলাইনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে এসিড অপরাধ দমন আইনে মামলা করা হয়েছে।যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মনির হাসান বলেন, আহত পুলিশ কর্মকর্তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। ধারণা করা হচ্ছে, এসিডটি খুব শক্তিশালী ছিল না। তবে কেমিক্যাল টেস্টের পরেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।