জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কেনাকাটার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ছাড় দিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি। এড়িয়ে যাওয়া হয়েছে সাবেক পরিচালক আবুল হোসেইন খান চৌধুরীর সময়ের দুর্নীতির বেশ কিছু খতিয়ান।এ নিয়ে প্রশ্ন উঠলে কমিটি অধিকতর তদন্তের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।হূদরোগ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে গত আগস্টে সংসদীয় কমিটির সদস্য আমানউল্লাহকে আহ্বায়ক এবং মতিউর রহমান (প্রয়াত) ও আনোয়ার হোসেনকে সদস্য করে তিন সদস্যের কমিটি করা হয়।সংসদীয় তদন্ত দলের এই প্রতিবেদনটি একই বিষয়ে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু মন্ত্রণালয় কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেয়নি। জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ হুমায়ূন কবির প্রথম আলোকে জানান, সংসদীয় কমিটি তদন্তকাজ শুরু করায় মন্ত্রণালয় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে অভিযুক্ত ব্যক্তিদের অনেকেই অবসরে চলে গেছেন। যে কারণে সংসদীয় কমিটি বিষয়টি দুদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।নথিপত্র ঘেঁটে দেখা যায়, সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনে খণ্ডিতভাবে দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে পরিচালক আবুল হোসেইন খান চৌধুরীর সময়ে ৫০টি ভেরাপামিল ইনজেকশন কেনা হয়েছিল তিন হাজার ৪০০ টাকা দরে। অথচ একই ইনজেকশন ২০১১-১২ অর্থবছরে কেনা হয়েছে মাত্র ৪০ টাকা করে। একই অর্থবছরে একটি স্টিম সেল থেরাপি মেশিন কেনা হয় তিন কোটি আট লাখ টাকা দিয়ে। সরবরাহ নেওয়ার পর থেকে এই মেশিনটি সিলগালা অবস্থায় অপারেশন থিয়েটারে পড়ে ছিল।বৈঠক সূত্র জানায়, সংসদীয় কমিটির এই প্রতিবেদনের ব্যাখ্যা দিয়ে হূদরোগ হাসপাতালের বর্তমান পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদার মন্ত্রণালয় ও সংসদীয় কমিটিকে একটি চিঠি দিয়েছেন। গতকাল বৈঠকে উপস্থিত হয়ে তিনি এ বিষয়ে কমিটির দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর চিঠিতে বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরে ১৮৫ রোল ইকো কার্ডিয়াক প্রিন্টিং পেপার কেনা হয়েছে প্রতিটি ১৩ হাজার টাকা করে। পরের বছর একই জিনিস কেনা হয়েছে এক হাজার ৬৫ টাকা দরে। রঙিন ইকো ভিডিও রেকর্ডিং প্রিন্টিং পেপার প্রতি রোল আগে কেনা হয়েছে ১৩ হাজার টাকা দরে, যার বর্তমান বাজারদর সাড়ে আট হাজার টাকা। ইকো জেলি কেনা হয়েছে প্রতিটি এক হাজার টাকা দরে। অথচ ২০১১-১২ বছরে তা কেনা হয় ৫৩০ টাকা দরে। ট্রপোনিন-১ কেনা হয়েছে ৬০ হাজার টাকা দরে। পরে কেনা হয় ৩০ হাজার ৮৭০ টাকা দরে। এ রকম আরও অনেক কেনাকাটার হিসাব রয়েছে তাঁর চিঠিতে।প্রতিবেদন সম্পর্কিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, তদন্ত দলের প্রধান আমানউল্লাহ একাই কাজ করেছেন। কমিটির অপর দুই সদস্য তদন্তকাজে কোনো সময় দেননি। তাই প্রতিবেদনটি দ্রুত জমা দেওয়া হয়েছে।শেখ সেলিমের সভাপতিত্বে গতকালের বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।