অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করছে এসইসি
পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কারসাজির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংঘবদ্ধ ও ধারাবাহিক লেনদেনের মাধ্যমে শেয়ারের কৃত্রিম চাহিদা সৃষ্টি করে মূল্য বাড়ানোর অভিযোগে কয়েকজন বিনিয়োগকারীর নামে মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত করেছে সংস্থাটি। এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী গতকাল রোববার সাংবাদিকদের জানান, কারসাজির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। মামলা দায়েরের জন্য এসইসির আইনজীবীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যেই মামলা হতে পারে। হেলাল উদ্দিন নিজামী আরও জানান, পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কৌশলগত কারণে অনেক বিষয়ে শ্লথগতিতে অগ্রসর হলেও প্রতিটি বিষয়েই তাঁরা দৃঢ়ভাবে কাজ করছে। জানা গেছে, তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে বিনিয়োগকারী সৈয়দ সিরাজউদ্দৌলা, তাঁর স্ত্রী রাশেদা আক্তার মায়া এবং মোহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য অভিযোগ চূড়ান্ত করেছে এসইসি। তাঁদের বিরুদ্ধে দু-এক দিনের মধ্যে মামলা করা হবে।এসইসির অভিযোগনামায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ২০১০ সালের ৩০ জুন থেকে ৪ নভেম্বরের মধ্যে সংঘবদ্ধ ও কৃত্রিম লেনদেনের মাধ্যমে পিপলস লিজিংয়ের শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটিয়েছেন। ওই সময়ের মধ্যে বিভিন্ন কার্যদিবসে সৈয়দ সিরাজউদ্দৌলা কোম্পানিটির দুই লাখ ২২ হাজার ৭০০ শেয়ার বিভিন্ন মূল্যে ক্রয় করেন। এ সময় শেয়ারটির দর ধারাবাহিকভাবে বেড়েছে। পরবর্তী সময়ে শেয়ারটির অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের পর তিনি দুই লাখ ৭৪ হাজার ৩০০ শেয়ার বিক্রি করেন। আবার ৪ আগস্ট থেকে ৩ অক্টোবর পর্যন্ত একই কোম্পানির আট লাখ ৫৯ হাজার ৩০০টি শেয়ার ক্রয় করেন। এ সময় বিক্রি করেন নয় লাখ ১৭ হাজার ২০০টি শেয়ার। অভিযোগনামায় আরও বলা হয়, সিরাজউদ্দৌলার স্ত্রী রাশেদা আক্তার ১০ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পিপলস লিজিংয়ের তিন লাখ ৬৭ হাজার ৬০০টি শেয়ার ক্রয় ও তিন লাখ ৩১ হাজার ৯০০টি শেয়ার বিক্রি করেন। অপর অভিযুক্ত হাবিবুর রহমান একই সময়কালে কোম্পানিটির ৭৫ হাজার শেয়ার ক্রয়-বিক্রয় করেন। এ ছাড়া তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের ধারাবাহিক লেনদেন বা সিরিয়াল ট্রেডিংয়ের অভিযোগে বিনিয়োগকারী আবু সাদাত মো. সায়েম এবং তাঁর ছোট ভাই আবদুল মোবিন মোল্লার বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আবু সাদাত মো. সায়েম এবং তাঁর ভাই নিজ নিজ এবং যুগ্ম হিসেবে (আটটি ভিন্ন বিও হিসাবে) প্রতিদিন একাধিক লেনদেনের মাধ্যমে বাজারে ইস্টার্ন হাউজিংয়ের লেনদেনের প্রায় ২৫ শতাংশ সম্পন্ন করেছেন, যা শেয়ারে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারমূল্য ৭৫০ টাকা থেকে বেড়ে প্রায় ১৩৪১ থেকে ১৩৪৫ টাকায় উন্নীত হয়। এসব হিসাবের মাধ্যমে গড় মূল্যের মোট পাঁচ লাখ ৮৬ হাজার ৯২০টি শেয়ার ৪৮ কোটি ১৮ লাখ টাকায় ক্রয় করা হয় এবং দুই লাখ ৫৫ হাজার ২৪০টি শেয়ার ২৫ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি করা হয়। এতে ১৬ দিনের সময়কালে প্রায় চার কোটি ১৪ লাখ টাকা মুনাফা হয়। গত ৩০ এপ্রিল সরকার পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে এসইসিকে নির্দেশ দিয়েছিল। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করছে এসইসি। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে গত বছর ৬ ও ৭ ডিসেম্বর চেক ও নেটিং বিষয়ে দুটি নির্দেশনা জারির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসইসির সাবেক সদস্য মনসুর আলমের বিরুদ্ধে টার্মস অব রেফারেন্স (কর্ম প্রক্রিয়া) প্রস্তুত করে এসইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ প্রসঙ্গে হেলাল উদ্দিন নিজামী বলেন, তাঁর ব্যাপারে মন্ত্রণালয়ই পরবর্তী পদক্ষেপ নেবে। এ ছাড়া দুই নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া ও এ টি এম তারিকুজ্জামানের বিরুদ্ধে পুঁজিবাজার তদন্ত কমিটি উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৯৯৫ সালের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯৫-এর ৪২, ৪৩ ও ৪৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন এসইসি সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী এবং মো. আমজাদ হোসেন। নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়ার বিরুদ্ধে কমিশনের নির্দেশনা অমান্য করে অনৈতিক পন্থায় শেয়ার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে ওএসডি অবস্থায় রয়েছেন।