লালমোহনের গোদাখালী গ্রামে মা-মেয়ের শ্ল্লীলতাহানির ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা নিতে ও তাদের গ্রেপ্তার করতে পুলিশকে অনুরোধ করেছেন ভোলা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সাংসদ নূরনবী চৌধুরী।নূরনবী চৌধুরী গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের মুখে ঘটনার বর্ণনা শোনেন। তিনি পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সদস্য নান্নু মিয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও একই এলাকার জলিল মাঝির বাড়িও পরিদর্শন করেন। পরে চর কচুয়াখালী বাজারে বাঁধের ওপর পথসভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংযত হয়ে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন। ভোট গ্রহণের পরও লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় বেশ কিছু সহিংসতার ঘটনার খবর পাওয়া গেছে। প্রতিটি ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের হাতে বিএনপির কর্মীরা আক্রান্ত হয়েছেন।নির্বাচনের আগের রাতে (শুক্রবার মধ্যরাতে) চর কচুয়াখালী গ্রামের সিরাজ মৃধা, সোহাগ, সুমন, জুয়েল, সাইফুল ও আবদুল্লাহর নেতৃত্বে যুবলীগের আট-দশজন কর্মী গোদাখালী গ্রামে বিএনপির এক সমর্থকের বাড়িতে হামলা চালান। তাঁরা বিএনপির ওই সমর্থক, তাঁর স্ত্রী ও তাঁর মেয়ের শ্লীলতাহানি করে।গতকাল সোমবার গণমাধ্যমে খবরটি ছাপা হলে নূরনবী চৌধুরী ভুক্তভোগী মা-মেয়ের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে তিনি মামলা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের অনুরোধ করেন। পরে কচুয়াখালী বাঁধের ওপর এক পথসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে নূরনবী চৌধুরী বলেন, ‘যদি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীর দ্বারা কোনো মানুষের জান-মাল-ইজ্জতহানির ঘটনা ঘটে, তবে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পিছপা হব না।’ তিনি ওই এলাকায় হামলার শিকার আরও কয়েকটি বাড়ি পরিদর্শন করেন।নূরনবী চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা লালমোহন ও তজুমদ্দিনে মাইকিং করছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে থানায় মামলা নেওয়া ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’ সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) কামরুল ইসলাম জানান, গতকাল বিকেল পর্যন্ত কোনো ঘটনায় ভুক্তভোগী কেউ মামলা করতে আসেনি। আরও কিছু সহিংসতার অভিযোগ: উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের বাসায় স্থাপিত অস্থায়ী চিকিৎসালয়ে গতকাল আরও তিনজন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের উত্তর কালাচাঁদপুর গ্রামের সামসুদ্দিন দরবেশকে শনিবার রাতে আওয়ামী লীগের সমর্থকেরা মারধর করে। গত দুই দিন তিনি ভয়ে ঘরে স্বেচ্ছাবন্দী ছিলেন। গতকাল এলাকাবাসী তাঁকে উদ্ধার করে।রমাগঞ্জ ইউনিয়নের শাহে আলমকে গত রোববার রাতে আওয়ামী লীগের কর্মীরা মারধর করেছেন বলে তিনি অভিযোগ করেন। একই অভিযোগ করেন ধলীগৌরনগরের চাতলা গ্রামের রফিকুল ইসলাম। তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, ঘোষের হাওলা গ্রামের মিরাজুল ইসলাম, চাচড়ার মামুন ও চাঁদপুর ভুঁইয়ারকান্দি এলাকার সেলিমকে আওয়ামী লীগের কর্মীরা মারধর করেছেন।তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্যাহ জসিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাঁরা নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।’ ভোলার পুলিশ সুপার বশির আহমেদ প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। কোনো মারধরের ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করছে না।