বিরোধী দল বিএনপিকে সব প্রস্তাব, সুপারিশ ও অভিযোগ সংসদের এসে বলার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি বলেন, ‘আপনারা সংসদে এলে গণতন্ত্র সুসংহত ও সমৃদ্ধ হবে।’রাষ্ট্রপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি হিসেবে বিরোধী দলকে সংসদে এসে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। এটি দুঃখজনক যে বিরোধী দল সংসদের কার্যক্রমে কাঙ্ক্ষিত অংশগ্রহণ করছে না। গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। এখানে রাজনৈতিক দল কর্তৃক দায়িত্ব পালনই মুখ্য। তাই বিরোধী দলকে বলব, আপনাদের সকল প্রস্তাব সংসদে এসে বলুন।’সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়ায় রাষ্ট্রপতি দেশপ্রেমিক সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।আজ বুধবার বিকেলে নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তবে তিনি মাত্র ৩০ মিনিট বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রপতির বাকি বক্তব্য টেবিলে উপস্থাপিত বলে গণ্য হবে।এর আগে বিকেল সাড়ে তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিতে সংসদের এ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন এই অধিবেশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। তবে আজ প্রধান বিরোধী দল বিএনপির কোনো সাংসদ যোগ দেননি।