অভিযোগ আমলে না নেওয়ায় চুক্তি বাতিল হলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ সরকার আমলে নেয়নি। সরকার দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে উল্টো বিশ্বব্যাংকের ওপরে দোষ চাপিয়েছে। এ ধরনের আচরণের জন্যই বিশ্বব্যাংক চুক্তি বাতিল করল।আজ শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রামে যাওয়ার পথে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে তিনি এসব কথা জানান । মওদুদ আহমদ বলেন, দুর্নীতির অভিযোগের ব্যাপারে যথাযথ তদন্ত করার ওপর জোর না দিয়ে সরকার বারবার ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে। দেশ ও জনগণকে এর খেসারত দিতে হলো। সরকার যে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, এটা তারই প্রমাণ।বিএনপির এই নেতা বলেন, পদ্মা সেতু না হওয়ার কোনো কারণ ছিল না। বিশ্বব্যাংক চুক্তি বাতিল করার পর এই সেতু আর হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মওদুদ। তিনি বলেন, বিশ্বব্যাংক ছাড়া এত সহজ শর্তে আর কারও কাছে ঋণ পাওয়া যাবে বলে মনে হয় না।