হরতালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারিক আদলতের আদেশের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আবেদনটি করেন। আবেদনে অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল চাওয়া হয়েছে। এ ছাড়া আবেদন বিচারাধীন থাকা অবস্থায় এই মামলার কার্যক্রম স্থগিতের আরজিও জানানো হয়েছে।গত ২৬ আগস্ট এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক। ওই দিন শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন। ওই দিন অভিযোগ আমলে না নেওয়ার আবেদনও খারিজ হয়। এর বিরুদ্ধে আজ হাইকোর্টে আবেদনটি দায়ের করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এ ব্যাপারে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলো ডটকমকে বলেন, আপিল করা হয়েছে। অবকাশের পর (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের নিয়মিত বেঞ্চে আপিলটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। আবেদনে বলা হয়, মামলার এজাহার ও অভিযোগপত্রে দেখা যায়, হরতালের মধ্যে সচিবালয়ে অজ্ঞাতনামা মোটরসাইকেলের দুই আরোহী ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই দুইজনকে জোটের নেতারা আর্থিকভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়। পুলিশের দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী পুলিশ ওই দুইজনকে এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি। মূল অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত না করেই তাঁদের সহায়তা করার অভিযোগে জোটের ২৯ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এজাহার ও অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত নেতাদের বিরুদ্ধে মামলার অভিযোগ আমলে নিয়েছেন। কিন্তু আইন অনুসারে মূল অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত না করে সহায়তাকারীদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া বেআইনি। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে জোট নেতাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানায় ওই দিনই শাহবাগ থানায় মামলা করে পুলিশ। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে ৩১ মে অভিযোগপত্র দেয় পুলিশ।