অভিযোগ আমলের বিষয়ে শুনানি ৬ জানুয়ারি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার আদালতে হাজির হননি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি অভিযোগ আমলে নেওয়া-সংক্রান্ত শুনানির দিন ধার্য করেছেন আদালত।রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যস্ত থাকায় খালেদা জিয়ার পক্ষে আজ সময়ের আবেদন করা হয়। এ মামলায় আজ অভিযোগ আমলে নেওয়া-সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।এর আগে গত ২৫ নভেম্বর এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য ছিল। ওই দিন সময়ের আবেদন করলে ১ জানুয়ারি খালেদা জিয়াকে হাজির হওয়ার আদেশ দেন আদালত। তখন আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করে আদালতকে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ও সংসদ অধিবেশন চলমান থাকায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। তাই সময় প্রয়োজন।দুদকের আইনজীবী মোশারফ হোসেন এর বিরোধিতা করে আদালতকে বলেন, ইতিপূর্বেও একই কারণ দেখিয়ে একাধিকবার সময় নিয়েছেন খালেদা জিয়া। একজন আসামির জন্য তারিখ পরিবর্তন করা হচ্ছে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে—এসব বিষয়ে কমিশনে জবাবদিহি করতে হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা দুদকের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। এ নিয়ে উভয় পক্ষে তর্ক-বিতর্ক শেষে আদালত আসামিপক্ষের আইনজীবীদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, আপনারা ন্যায়বিচার চান। একজন আসামির জন্য কতবার সময় দেওয়া যায়? এটা কি ন্যায়বিচারের পরিপন্থী নয়? পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত শেষবারের মতো সময় মঞ্জুর করেন।২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় তারা।মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়া প্রয়াত স্বামী জিয়াউর রহমানের নামে চ্যারিটি ট্রাস্ট গঠন করে তাঁর নামে অর্থ সংগ্রহ করেন। সে অর্থ চ্যারিটির কোনো কাজে না লাগিয়ে তিনি ও দুই ছেলে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে ওই হিসাবে জমাকৃত অর্থের মধ্যে বিএনপির তহবিল থেকে সংগ্রহ করা টাকা ছাড়া বাকি টাকার কোনো বৈধ উত্স খুঁজে পাওয়া যায়নি। আরও অভিযোগ করা হয়, ২০০৫ সালের ৯ জানুয়ারি সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে একটি হিসাব খোলা হয়। এতে সাত দিনের মধ্যে জমা হয় সাত কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা। এর মধ্যে ছয় কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা বিএনপির দলীয় তহবিল থেকে আসে। বাকি টাকার মধ্যে এক কোটি ৩৫ লাখ টাকা মেট্রো মেকার্স ডেভেলপারস লিমিটেড ও ২৭ লাখ টাকা জিয়াউল ইসলামের কাছ থেকে ওই হিসাবে আসে। এ ঘটনায় দুদক এ মামলা করে।