আদালতের কার্যক্রম শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অভিযোগ গঠনের প্রক্রিয়া নিয়ে শুরু হয় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল। সেই হট্টগোল আর থামেই না। অবস্থা বেগতিক দেখে ১৫ মিনিটের জন্য আদালতের কার্যক্রম মুলতবি করে এজলাস ছেড়ে বিচারক চলে যান খাসকামরায়। বিডিআর হত্যা মামলার বিচারের জন্য বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতের এ রকমই চিত্র ছিল গতকাল সোমবার। পরে অবশ্য বিচারক এজলাসে ফিরে এলে পরিস্থিতি শান্ত হয়। এজাহার পড়ে শোনানোর মধ্য দিয়ে শুরু হয় বিচার-কার্যক্রম। এ মামলার অধিকতর তদন্তের পর নতুন করে ২৬ জনের বিরুদ্ধে দেওয়া সম্পূরক অভিযোগপত্র আমলে নেন বিচারক। এখন মামলায় আসামির সংখ্যা দাঁড়াল ৮৫০ জন। এর আগে সিআইডি পুলিশ এ মামলার তদন্ত শেষে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল।গতকাল সকাল ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে ৮৫০ আসামিকে বিভিন্ন কারাগার থেকে কড়া পাহারায় আদালতে আনা হয়। আদালতের চারদিকে পাহারা বসায় পুলিশ। সকাল থেকে অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি। আদালতে আসা সবাইকে তল্লাশির মুখে পড়তে হয়। আইনজীবীরা জানান, গতকাল ছিল অভিযোগ গঠনের কার্যক্রম শুরু করার নির্ধারিত দিন। মহানগর দায়রা জজ জহুরুল হক এজলাসে এসেই অভিযোগ গঠনের কার্যক্রম শুরু করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে সম্পূরক অভিযোগপত্র আমলে নেওয়ার আবেদন জানালে আদালত তা আমলে নেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের কাছে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবীর এই আবেদন শেষ হতে না হতেই আসামিপক্ষের আইনজীবী ছানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ কয়েকজন বলেন, এক মামলায় দুই ভাগে অভিযোগ গঠনের কোনো নজির নেই। এটা হতে পারে না। নতুন করে যে ২৬ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁদের অনেকেই আইনজীবী নিয়োগের সুযোগ পাননি। আইনজীবীরাও সম্পূরক অভিযোগপত্রের কোনো কাগজপত্র পাননি। তাঁরা বলেন, আগের অভিযোগপত্রের কাগজও অনেক আইনজীবী পাননি। এভাবে অভিযোগ গঠন করা হলে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। আসামিপক্ষের আইনজীবীরা কথা বলার সময় আরও কয়েকজন তাঁদের বক্তব্য সমর্থন করে একযোগে কথা বলতে থাকেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, অভিযোগপত্র অনুসারে প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যেতে পারে। তারপর সম্পূরক অভিযোগপত্রে দেওয়া ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যেতে পারে। বিচারক তাঁর কাছে জানতে চান, একই মামলায় দুইভাবে অভিযোগ গঠন হবে কীভাবে? প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে পরের ২৬ জনের কী হবে? রাষ্ট্রপক্ষের আইনজীবী তারপরও অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন জানান। এরপর তুমুল হট্টগোল শুরু হয়। দুই পক্ষের আইনজীবীরা পরস্পরকে উদ্দেশ করে নানা কথা বলতে থাকেন। অবস্থা এমন পর্যায়ে যায়, কেউ কারও কথাই শুনতে পাচ্ছিলেন না। বিচারক বারবার সবাইকে নিশ্চুপ থাকার অনুরোধ করেন। একপর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে বিচারক আদালত মুলতবি করে খাসকামরায় চলে যান। বেলা ১১টার কিছু পর আবার আদালতের কার্যক্রম শুরু হয়। বিচারক এজলাসে বসে সবাইকে উদ্দেশ করে বলেন, ‘এ মামলাটি যাতে একটি মডেল মোকদ্দমা হয় সে জন্য বিচারকাজে সবার সহযোগিতা দরকার। গোটা দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে, আমরা ভালো বিচার করতে পারি।’ তিনি বলেন, এ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে। তিনি সময় নষ্ট না করার জন্য দুই পক্ষকে আহ্বান জানিয়ে মামলার কার্যক্রম শুরু করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুরোধ করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক মামলার অভিযোগ পড়ে শোনান। তিনি আদালতকে জানান, ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানার ওসি নব জ্যোতি খীসা বাদী হয়ে পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় এ অভিযোগ দায়ের করেন। একই বছরের ৬ এপ্রিল এ মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। অভিযোগ পড়ে শোনানোর পর আনিসুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। অভিযোগ গঠনের জন্য আদালত আগামী ১২ এপ্রিল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন। এর আগে সব আসামির আইনজীবীকে মামলার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার আদেশ দেন আদালত।