অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৫ মার্চ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ ৫২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন-বিষয়ক আদেশের দিন পিছিয়েছেন আদালত। আগামী ৫ মার্চ এ বিষয়ে আদেশ দেবেন আদালত। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ দিন ধার্য করেন।কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।আদালত সূত্র জানায়, এ মামলায় অভিযোগ গঠন-বিষয়ক আদেশ প্রস্তুত করতে না পারায় আদেশের দিন পেছানো হয়েছে।২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত শেষে গত বছরের ৩ জুলাই সিআইডি সম্পূরক অভিযোগপত্র দেয়। তাতে তারেক রহমান, লুত্ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, হারিছ চৌধুরী, গোয়েন্দা ও পুলিশ বিভাগের সাবেক পদস্থ কর্মকর্তা ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতাসহ ৩০ জনকে আসামি করা হয়।২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং কয়েক শত দলীয় নেতা-কর্মী আহত হন।