২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ নতুন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল রোববার পঞ্চম দফায় পিছিয়েছেন আদালত।সময় চেয়ে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিন ৯ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, আসামিপক্ষ কাগজপত্র পায়নি এবং আসামিদের সঙ্গে আইনগত বিষয়ে আলোচনা করতে পারেনি বলে মামলার বিচারকাজ বিলম্বিত করার চেষ্টা করছে।এ ছাড়া আসামিরা আদালতে প্রবেশের আগে আইনজীবী ছাড়াও বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে থাকেন এবং মোবাইল ফোনে কথা বলেন বলে রাষ্ট্রপক্ষ গতকাল আদালতকে অবহিত করে। রাষ্ট্রপক্ষে এ মামলার অপর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের আদালত ৩, ৪ ও ৫ অক্টোবর সকাল সাড়ে নয়টা থেকে ১১টা এবং বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মামলার জব্দ করা আলামত পরীক্ষা করতে নথি দেখার অনুমতি দিয়েছেন।গতকাল প্রথমে আদালত ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তিন দিনে নথি দেখার কাজ শেষ হবে না। তাই ৯ অক্টোবর তারিখ ধার্যের অনুরোধ জানান।তখন বিচারক আসামিপক্ষের আইনজীবীদের বলেন, ‘আমি নতুন তারিখ ধার্য করছি। তবে সে দিনও যদি আপনারা সময়ের আবেদন জানান, তবে তা হবে আদালতের জন্য বিব্রতকর। তাই এই তিন দিনে আপনারা মামলার নথিতে যা যা দেখার দেখে নেবেন। এ ব্যাপারে আদালত-সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহায়তা করবেন।’গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে সহায়তা করেন আইনজীবী আবদুর রহমান হাওলাদার, শাহ আলম তালুকদার, আবুল কালাম, আকরাম উদ্দিন প্রমুখ।গত ৩ জুলাই সিআইডি তারেক রহমান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলার সম্পূরক অভিযোগপত্র দেয়। এর আগে ২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে এই মামলায় প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। উভয় অভিযোগপত্র মিলে এখন মোট আসামি ৫২ জন। এর মধ্যে ৩৩ জন কারাগারে ও ১৯ জন পলাতক।