অভিযোগ গঠন সম্পন্ন, সাক্ষ্য গ্রহণ ২৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় বাকি ১০৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হওয়ার কথা ছিল গতকাল বুধবার সকাল ১০টায়। কিন্তু বৃষ্টির কারণে কারা কর্তৃপক্ষ আসামিদের সময়মতো হাজির করতে না পারায় শুনানি শুরু হয় দুপুর ১২টার পর।বিলম্বে শুরু হলেও গতকাল তৃতীয় দিনে এই মামলার ৮৪৭ জন আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পন্ন করেছেন বিশেষ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জহুরুল হক। আগামী ২৪ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। এরপর শুরু হয় বিস্ফোরক আইনে করা মামলার অভিযোগ গঠনের শুনানি।পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার পাশে কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে অস্থায়ী বিশেষ আদালতে এই মামলার বিচারকাজ চলছে। দুপুর ১২টায় বিচারক জহুরুল হক আদালতের কার্যক্রম শুরু করেন। এজলাসে বসে তিনি বলেন, এই মামলা পৃথিবীর বৃহত্তম মামলা। এমন মামলা শত শত বছরে একটিও হয় না। আসামি ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সাত মাস সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হতে যাচ্ছে। আসামিরা সবাই আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন। তাঁদের শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।এর আগের দুই দিনে ৭৪০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পন্ন হয়। মামলার ৮৪৭ আসামির মধ্যে ২০ জন পলাতক আছেন। কারাগারে আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। ২০ জুলাই অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল।আদালত সূত্র জানায়, বিচারক গতকাল আদালতে তাঁর খাসকামরায় যান সকাল নয়টায়। তখনো কোনো আসামিকে হাজির করা হয়নি। বিচারক এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আসামি হাজিরের ব্যবস্থা করেন।আসামি হাজির করতে বিলম্ব প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক সাংবাদিকদের বলেন, অবিরাম বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় আদালতের নির্দেশের অপেক্ষায় ছিলেন তাঁরা। নির্দেশ পেয়েই তাঁরা আদালতে আসামি পাঠানো শুরু করেন।হত্যাযজ্ঞ মামলার সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে বিচারক পলাতক ২০ আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন। এর পরও তাঁরা হাজির না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। এ ছাড়া যেসব আসামি আইনজীবী নিয়োগ করতে পারেননি, তাঁদের জন্যও আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত। মামলার বাদী পুলিশের পরিদর্শক নবজ্যোতি খীসাকে সাক্ষ্য দেওয়ার জন্য আগামী ধার্য তারিখে আদালতে হাজির করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়।এরপর আদালত হত্যা মামলার কার্যক্রম মুলতবি করেন। পরে একই ঘটনায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিলুপ্ত বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ৮৩১ জন আসামির নাম পড়ে শুনিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবীরা এর প্রতিবাদ জানালে আদালত জানান, পরবর্তী ধার্য তারিখে তাঁদের বক্তব্য শোনা হবে। সেদিন বিস্ফোরক আইনের মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি হবে।এরপর বেলা পৌনে দুইটায় আদালত মুলতবি করা হয়।