বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের লাশ বিভিন্ন গাড়িতে করে গণকবর পর্যন্ত নিয়েছেন যানবাহন তদারককারী (এমটি) ইউনিটের সদস্যরা। দরবার শুরুর পরপরই পিলখানার প্রধান চারটি ফটকে তালা লাগিয়ে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা রাইফেলস পুলিশ (আরপি)।বিশেষ আদালতে গতকাল সোমবার সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকালে এসব কথা বলেন মামলার কৌঁসুলি। পরে আদালত আগামী বছরের ২ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬-এ অভিযুক্ত ৭৩৫ জওয়ানকে গতকাল হাজির করা হয়। তাঁদের মধ্যে ইউনিটে থাকা ৪৩৭ জনকে গত রোববার রাতে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। বাকি ২৯৮ জন সিআইডির তদন্তাধীন মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। সদর রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মুন্সী জাহাঙ্গীর আলম এ মামলা করেন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ আদালতে মামলাটির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়, চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। বিশেষ কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন ও বেলায়েত হোসেন।আদালতে প্রায় আধা ঘণ্টার বক্তব্যে কৌঁসুলি ও সদর রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল আলম বলেন, এই সদর রাইফেল ব্যাটালিয়নেই কর্মরত ছিলেন বিদ্রোহের প্রধান খলনায়ক উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলম। ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে সাহস ও সমর্থন জুগিয়েছেন বিদ্রোহ করার জন্য। তিনি বলেন, এই ব্যাটালিয়ন পিলখানায় যাবতীয় প্রশাসনিক দায়িত্ব পালন করে। পিলখানার ফটকের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও যান তদারকের দায়িত্ব এই ব্যাটালিয়নের সদস্যদের। ডিএডি তৌহিদ ছিলেন যানবাহন তদারককারী কর্মকর্তা (এমটিও)। এই বিভাগে (এমটি) কর্মরত ১৯৯ জনই বিদ্রোহের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তাঁরা যানবাহনগুলো বিদ্রোহ দমনের কাজে ব্যবহার না করে বিদ্রোহে ব্যবহার করেছিলেন।কৌঁসুলি বলেন, এই জিপ, পিকআপ, ট্রাক দিয়েই কর্মকর্তাদের লাশ নেওয়া হয়েছিল গণকবরে। ওই দিন পিলখানার সার্বিক নিরাপত্তায় রাইফেলস পুলিশের (আরপি) দায়িত্বে ছিলেন এই ব্যাটালিয়নের ১০৪ জন। আরপির সদস্যরা দরবার শুরুর পাঁচ মিনিটের মধ্যে পিলখানার প্রধান চারটি ফটকে তালা মেরে দেন। দরবার শুরুর পর একজন সেনা কর্মকর্তা ভেতরে ঢুকতে চাইলেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, বিডিআরের মহাপরিচালকের নিরাপত্তা স্কোয়াডও এই ব্যাটালিয়নের সদস্যদের নিয়ে গঠিত। নিজের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্রোহ শুরুর পরপর মহাপরিচালক এই স্কোয়াডের কয়েকজনকে তাঁর বাসভবনে পাঠালে তাঁরা বাসভবনে গিয়ে উল্টো হামলা চালান। অফিসার্স মেস, বিডিআরের মেহমানখানায় কর্মরত সদস্যরাও অস্ত্র হাতে বিদ্রোহে অংশ নিয়েছিলেন। অফিসার্স মেসে কর্মরত জওয়ানদের সঙ্গে কর্মকর্তাদের সুসম্পর্ক থাকলেও বিদ্রোহের সময় এঁরা ওই কর্মকর্তাদের ওপর বর্বর নির্যাতন চালিয়েছেন।কৌঁসুলি বলেন, ‘এই অল্প শিক্ষিত, কাণ্ডজ্ঞানহীন, বিবেকবর্জিতদের নির্মমতার কাহিনি বলে শেষ করা যাবে না। এখন সময় এসেছে তাঁদের দাঁত ভেঙে দেওয়ার। আর যেন কেউ এমনটি করতে না পারে।’ তিনি জানান, অভিযুক্ত জওয়ানদের সবাইকে অভিযোগের কপি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর আদালত অভিযুক্ত জওয়ানদের আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য ন্যূনতম ২৭ দিনের সময় দিয়ে আগামী বছরের ২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৩ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।