অভিযোগ গঠনের ওপর শুনানি পেছাল ২১ এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি মুলতবি করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মো. মোয়াজ্জেম হোসেন আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আগামী ২১ এপ্রিল অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করেন। সংসদ অধিবেশন উপলক্ষে খালেদা জিয়া ব্যস্ত থাকায় আদালতে হাজির থাকতে পারবেন না বিধায় আজ শুনানি মুলতবি করা হয়। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা জানান, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এটি শুনানির অপেক্ষায় আছে। মামলার অন্য চার আসামির পক্ষ থেকেও বিচারিক আদালতে সময়ের আবেদন করা হয়েছে। গত ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়াসহ সাতজনকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে গঠিত জিয়া অরফানেজ ট্রাস্টের নাম রেজিস্ট্রেশন করা হয় খালেদা জিয়ার মইনুল রোডের বাসার ঠিকানায়। কিন্তু দুদক তদন্তকালে ওই ঠিকানায় ট্রাস্টের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে সোনালী ব্যাংকের রমনা শাখায় একটি চলতি হিসাব খোলেন। ওই বছরই ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে অনুদান হিসেবে কুয়েতের তত্কালীন আমিরের পাঠানো চার কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা ওই ব্যাংক হিসাবে জমা হয়। কিন্তু আড়াই বছরেও ওই টাকা কোনো এতিমখানায় দেওয়া হয়নি। খালেদা জিয়া ও অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ভুয়া এফডিআর করে পরে ব্যাংক থেকে তুলে আত্মসাত্ করেন।