জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী বছরের ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার উপস্থিতিতে আসামি-পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আদালত এই তারিখ ধার্য করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বেলা একটার দিকে আদালত প্রাঙ্গণে যান। গাড়ি থেকে নেমে তিনি আদালত এলাকায় জড়ো হওয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হাত নেড়ে অভিনন্দন জানান। পরে আদালতকক্ষে প্রবেশ করেন। সোয়া একটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এজলাসে ওঠেন। পৌনে দুইটার দিকে শুনানি শেষে খালেদা জিয়া আদালত থেকে বেরিয়ে সরাসরি গাড়িতে ওঠেন।এর আগে বেশ কয়েকবার খালেদা জিয়া হাজির না হওয়ায় শুনানির দিন পেছানো হয়। গত ১৩ সেপ্টেম্বর আসামিপক্ষের আইনজীবীরা খালেদা জিয়াকে হাজির করার লিখিত প্রতিশ্রুতি দিলে আদালত গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন।শুনানি: খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ সময় চেয়ে আদালতে বলেন, এই মামলার বিষয়ে লিভ টু আপিল (আপিলের আবেদন) আগামী ১০ জানুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য ধার্য রয়েছে। এ অবস্থায় অভিযোগ গঠনবিষয়ে শুনানি মুলতবি করা প্রয়োজন।বিচারক বলেন, উচ্চ আদালতে রিট আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে, এ অবস্থায় অভিযোগ গঠন করা যাবে না এমন কোনো আইন আছে?মওদুদ বলেন, ‘উচ্চ আদালতে নিষ্পত্তি হওয়ার পর শুনানি করতে চাই।’এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন বলেন, আসামিপক্ষ আপিল বিভাগের যে আদেশ দাখিল করেছে, তাতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি করা যাবে না, এমন কোনো আদেশ নেই। তাই অভিযোগ গঠন বিষয়ে শুনানি গ্রহণ করতে আইনি বাধা নেই। সংসদ অধিবেশন চলাকালে ব্যস্ত থাকবেন বলে এবং অসুস্থতার কারণ দেখিয়ে খালেদা জিয়ার পক্ষে ১২ বার সময় নেওয়া হয়েছে। এতে বিচারকাজ বিলম্বিত হচ্ছে।শুনানি শেষে আদালত উচ্চ আদালতের আদেশ দাখিল, অন্যথায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি গ্রহণ করা হবে বলে আদেশ দেন।খালেদা জিয়ার পক্ষে শুনানিতে আরও অংশ নেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, মাসুদ তালুকদার, মোহাম্মদ আলী, তাহেরুল ইসলাম প্রমুখ।দুদকের পক্ষে মোশাররফ হোসেনকে শুনানিতে সহায়তা করেন মীর আহমেদ আলী, কবির হোসেন ও রফিকুল ইসলাম।বিএনপির নেতা-কর্মীদের ভিড়: বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই দলে দলে আদালত এলাকায় জড়ো হন। বিএনপিপন্থী আইনজীবীরা ও সমর্থকেরা দফায় দফায় মিছিল করেন।সকাল থেকে আদালত এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল। পুলিশের অপরাধ তদন্ত ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত কক্ষে আইনজীবী ছাড়া কেউ যাতে ঢুকতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়। আদালতের বাইরে নিরাপত্তার ব্যবস্থা নেন লালবাগ বিভাগের উপকমিশনার।বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভিড়ে গতকাল ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক এই মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অপর আসামিদের মধ্যে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, শরফুদ্দিন আহমেদ ও কাজী কামাল জামিনে আছেন এবং পলাতক রয়েছেন কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান।