দশ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলায় নতুন ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। আজ সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে এ শুনানি শুরু হয়। গত ২৫ অক্টোবর আসামিদের কৌঁসুলিরা প্রস্তুত না থাকায় ওই দিন অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান শেষবারের মতো শুনানির জন্য আজকের তারিখ ধার্য করেছিলেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ২ এপ্রিলের প্রথম প্রহরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। সরকারি গোয়েন্দা সংস্থার লোকজনের সহায়তায় বিশাল চালানের এসব অস্ত্র ভারতে উলফার ঘাঁটিতে পাঠানো হচ্ছিল বলে জানা গেছে। বিগত জোট সরকারের আমলে এ মামলাটির দায়সারা তদন্ত হয়। এ কারণে মূল হোতাদের আড়াল করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাটির তদন্ত নতুন করে শুরু হয়। পরে গত ২৬ জুন এ মামলার সম্পূরক অভিযোগপত্র মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়। পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী এ সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। সম্পূরক অভিযোগপত্রে ১১ জনকে নতুন আসামি দেখানো হয়েছে। ফলে ১০ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত ঘটনায় আসামির সংখ্যা অস্ত্র আইনে ৫০ জন ও চোরাচালান আইনে ৫২ জন দাঁড়াল। সম্পূরক অভিযোগপত্রের উভয় মামলায় সাক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে। আগের দেওয়া অভিযোগপত্রে সাক্ষী ছিল ১০২ জন।সম্পূরক অভিযোগপত্রে নতুন অন্তর্ভুক্ত ১১ আসামি হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহমদ, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও পরে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক কে এম এনামুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নুরুল আমিন ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া। আসামিদের মধ্যে পরেশ বড়ুয়া ও সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন পলাতক রয়েছেন। অন্য নয়জন কারাগারে আছেন। পরেশ বড়ুয়াকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য চেয়েছে তদন্তকারী সিআইডি পুলিশ।